রাস উৎসব
রাস উৎসবের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব। এ উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী ও পুলিশ সুপার মো: তালেবুর রহমান।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা আশ্রম এলাকা পরিদর্শন করেন। এ সময় উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আয়োজক কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।

জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী বলেন, ‘শ্রীগুরু সংঘের রাস উৎসব শুধু কাউখালী বা পিরোজপুরের নয়, এটি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। তাই উৎসবটি যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় রাস উৎসব উপহার দিতে পারব বলে আশা করছি।’

পুলিশ সুপার মো: তালেবুর রহমান বলেন, ‘রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এক্ষেত্রে আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।’

পরিদর্শনকালে উৎসবে লাখো ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তারা। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং, পর্যাপ্ত অনুষ্ঠানস্থল নির্ধারণ, খাবার রান্নার জন্য নির্ধারিত স্থান তৈরি, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সময়োপযোগী অনুষ্ঠানসূচি প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন ও ওসি (তদন্ত) এবাদ আলী। এছাড়া শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ ঐতিহ্যবাহী রাস উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে।