
পবিত্র কোরআনে কারিম মুখস্থ করার ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয়, তা ফের প্রমাণ করলেন ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা হাজি মোহাম্মদ ইউসুফ আনসারি। ৬৫ বছর বয়সে হাফেজ হয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, মহারাষ্ট্রের ধুলে শহরের এই ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যাংক-কর্মকর্তা। তিনি স্থানীয় জামা মসজিদে পরিচালিত মাদরাসা তালিমুল বালিগানে হিফজ সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটিতে প্রাপ্তবয়স্কদের জন্য কোরআন পাঠ, তাজবিদ ও মুখস্থ করার বিশেষ ব্যবস্থা রয়েছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, ইউসুফ আনসারি চাকরি থেকে অবসরের পর কোরআন মুখস্থ করার সিদ্ধান্ত নেন। কোভিড-১৯ মহামারী ও পারিবারিক দায়িত্বের কারণে কিছুদিন পড়াশোনা বন্ধ থাকলেও পরে ফের শুরু করেন। প্রতিদিন মাদরাসায় গিয়ে নতুন পাঠ নেয়ার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের পর মুখস্থ করতেন। দিনে প্রায় চার-পাঁচ ঘণ্টা হিফজে সময় দিতেন। এভাবেই পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ ইউসুফ আনসারি।
বয়সের এই পড়ন্ত বেলায় হিফজ সম্পন্ন করায় ইউসুফ আনসারিকে সংবর্ধনা দেয়া হয়েছে। তার এই সাফল্যকে ঘিরে গত সোমবার এশার নামাজের পর জামা মসজিদে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যেখানে সকলেই তার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








