রাজধানী, মোহাম্মদপুর, আল্লামা মামুনুল হক,
রাজধানীর মোহাম্মদপুরে আল্লামা মামুনুল হক। নয়া দিগন্ত

প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষ মানুষের সামনে জ্ঞানের বিশাল দিগন্ত উন্মোচন করলেও তা কখনোই গভীর জ্ঞানচর্চা ও গবেষণার বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নায়েবে মুহতামিম আল্লামা মামুনুল হক।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ চত্বরে ‘রাহমানিয়া ছাত্র কাফেলা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বই পাঠ ও গবেষণার গুরুত্ব

আল্লামা মামুনুল হক বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে তথ্য পাওয়া সম্ভব হলেও বই পাঠের মধ্য দিয়ে কোনো বিষয়ের গভীরে প্রবেশ, অনুসন্ধান ও গবেষণার যে সক্ষমতা তৈরি হয়, তা অন্যভাবে অর্জন করা কঠিন। প্রযুক্তির জয়জয়কারের এই সময়েও বই, কাগজ-কলম ও পাঠাভ্যাস জ্ঞান সাধনার অন্যতম ভিত্তি।’

প্রযুক্তির যুগে পাঠচর্চা ধরে রাখার আহ্বান

মামুনুল হক বলেন, ‘প্রযুক্তির অগ্রগতির ফলে জ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হলেও মানুষের হৃদয়ের সংযোগ ও গভীর জ্ঞানচর্চার কিছু দিক হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতেও একদল মানুষ বই ও পাঠচর্চা ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাহমানিয়া ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত এ বইমেলা সেই প্রচেষ্টারই অংশ।’

নতুন প্রজন্মকে অনুসন্ধানী পাঠক হওয়ার তাগিদ

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে বইমুখী করা, তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং গভীর জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তরুণ প্রজন্মকে শুধু বই পড়লেই হবে না, অনুসন্ধানী পাঠক ও গবেষক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।’

উপস্থিত অতিথিবৃন্দ

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান, সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, মাওলানা এহসানুল হক এবং মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ প্রমুখ।