
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ঢল নামে মানুষের। ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে।
কয়েকদিন আগে থেকেই ভাসানীর ভক্ত-অনুরাগীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সন্তোষে এসে সমবেত হন। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম। এ সময় তার নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া ভাসানী পরিবার ও ন্যাপ ভাসানীর পক্ষে হাসরত খান ভাসানী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ ও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহ্ফিল।
অপরদিকে বিএনপি, জামায়াত, কৃষক শ্রমিক জনতা লীগ, এনসিপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত মওলানা ভাসানীর স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম খান বলেন, ‘মওলানা ভাসানীকে সম্মান প্রদর্শন তখনই সার্থক যখন তার নীতি ও আদর্শকে ধারণ করা হয় এবং তার পরামর্শ নিজেদের জীবনে কার্যকর করা হয়।’
বিশেষ অতিথির বক্তৃতায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।’
মাজার জিয়ারত শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা ফ্যাসিবাদ, আর যখন ক্ষমতার বাইরে যাতে তখন তারা নাশকতাবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। তারা দেশে নাশকতা করার চেষ্টা করছে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।’
উল্লেখ্য, মওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে সিরাজগঞ্জে জন্ম হলেও তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








