
জাতীয় সংসদের নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ এ সরকারের পাশে আছে, তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১৬ বৎসরের স্বৈরশাসনের পর বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের ৯ মাস পার না হতেই একটি গোষ্ঠী এই সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তবে তারা সফলকাম হবে না। কারণ জনগণ এই সরকারের পাশে আছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের পর জাতীয় সংসদের খোলা চত্বরে শপথের দিনই আমরা অঙ্গীকার করেছিলাম এই দেশে আর ফাসিবাদীরা আসতে পারবে না। এই সরকার ক্ষমতায় গ্রহণের পর থেকেই নিরলসভাবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং জনগণকে আহ্বান করছেন আসুন আমরা ১৬ বৎসরের জঞ্জাল দূর করে একটি সমৃদ্ধিশালী গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করি।’
সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করেছি। এখন আবার দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে, পতিত স্বৈরাচারের নৈরাজ প্রতিহত করতে আমরা এখন আবার রাজপথে নেমেছি এবং দেশের মানুষের শান্তি না ফিরে আসা পর্যন্ত রাজপথে থাকবো।’
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খানের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সভাপতি এস এম শাহাদাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণদল সভাপতি মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন (সোহেল), বাংলাদেশের সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহম্মেদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি জাকির হোসেন রিয়াজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্রদাস, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, গণদল মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগ মহাসচিব রিজওয়ান মর্তুজা প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








