
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর। তার জীবন ও রাজনীতির মূল প্রেরণা ছিল মজলুমের পক্ষে আপসহীন অবস্থান। তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, ক্ষমতা কিংবা প্রভাবশালীদের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দেয়া তাকে অনন্য করে তুলেছে। আজকের সমাজেও যখন বৈষম্য, শোষণ ও বঞ্চনার নানা বাস্তবতা বিদ্যমান, তখন তার এই অবস্থান নতুন করে উপলব্ধি করা জরুরি।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাজনীতি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তার সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ ও মজলুম মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মওলানা ভাসানীর রূহের মাগফিরাত কামনা করছে এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








