
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রক্রিয়া বন্ধ, বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং আটক ও বাংলাদেশে পুশইন বন্ধের দাবি জানিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ মুসলিম। বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তাদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক ও বাংলাদেশে পুশইন করার অভিযোগও উঠেছে।
নেতারা বলেন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ ধারা এবং Registration of Electors Rules, 1960-এর ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেশটির সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদেও আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্মসহ বিভিন্ন পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। তাই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভোটাধিকার খর্ব করা সাংবিধানিক নীতির পরিপন্থী।
বিবৃতিতে আরো বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) প্রণয়নের উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন এবং বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গো-মাংসের ওপর নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপে ভারতের মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংকুচিত হয়েছে বলে তাদের অভিযোগ। মসজিদ ভাঙা এবং বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদের ঘটনাও এ বৈষম্যের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তারা।
ছাত্রশিবির নেতারা বলেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে বৈষম্যমূলকভাবে নাম বাদ দেয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশইন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবাধিকার প্রশ্নে দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








