
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।’
শনিবার (১৪ নভেম্বর) পার্বতীপুর উপজেলার জিন্নাহ মাঠ বাদ জোহর নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা রেজাউল করিম।
মাওলানা মামুনুল হক তার বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপট, বৈষম্যহীন সমাজ গঠন এবং জনগণের ভোটাধিকার ও গণরায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ যে পরিবর্তন ও ন্যায়বিচারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে, তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বাস্তবায়ন করতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না।’ ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের হোসেন, বদরগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ ইমরান হোসাইন, বাংলা হিলি আজিজিয়া মাদরাসার মুফতি নুরুল করিম ও পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ।
মাওলানা মামুনুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জুলাই বিপ্লবের পর মানুষ ইনসাফ ও ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। কিন্তু শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দেশত্যাগের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’
একইসাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সাথে যথাযথ কূটনৈতিক উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী দিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ নির্বাচনে কোনো অনিয়ম হলে খেলাফত মজলিস বসে থাকবে না।’
সমাবেশে পার্বতীপুর উপজেলা ও আশপাশের এলাকা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পার্বতীপুরে নাগরিক সমাবেশ শেষ করে দিনাজপুর গোরা শহীদ ময়দানে কওমি মাদরাসা ঐক্য পরিষদ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








