
সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোজ্জামেল হোসাইন আবিরসহ মহানগর শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি ডা: কাজী আকিব আব্দুল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে বিভিন্ন স্থানে বোমা হামলা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরো বলেন, এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








