ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : চলছে ভোট গণনা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : চলছে ভোট গণনা। ইউএনবি

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়।

এর আগে, সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। বিভিন্ন বয়সী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে। তবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট ভোটের হার এখনো জানা যায়নি।

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। পুলিশের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি ও ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী দুই লাখ ৫৮ হাজার ৬৩০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন। ইউএনবি