বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,  অ্যাডভোকেট আতিকুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠক। নয়া দিগন্ত

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন আন্দোলনে নেতাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, শ্রমিকের স্বার্থই হতে হবে প্রধান লক্ষ্য।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন। 

আতিকুর রহমান বলেন, দেশের অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে যথাযথ অধিকার থেকে বঞ্চিত। তৈরি পোশাকশিল্পের বাইরে অপ্রাতিষ্ঠানিক খাতসহ বিভিন্ন পেশার শ্রমিকদের মজুরি নির্ধারণ ও পুনর্নির্ধারণেও যথাযথ গুরুত্ব দিতে হবে। শ্রমের ধরন ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ জরুরি। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান বাস্তবতায় এ মজুরি পুনর্বিবেচনার পাশাপাশি বিভিন্ন পেশার শ্রমিকদের জন্য মজুরি কাঠামো প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করতে হবে।

ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিষয়ে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকের স্বার্থের চেয়ে নেতাদের ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাচ্ছে, যা শ্রমিক আন্দোলনের লক্ষ্য ও গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

অঞ্চল পর্যায়ের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হতে হবে।

বৈঠকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন কার্যক্রম জোরদার, অঞ্চল ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো: তসলিমের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ ও মজিবুর রহমান ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।