
বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
এ সময় তিনি ‘ভারত বাংলাদেশকে নিয়ে পুরোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে’ বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার বিরোধী দলের ওপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘ভারতের সাথে বন্ধুত্ব মানেই গোলামী। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সীমান্তের পাশে নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। ভারত বাংলাদেশকে নেতৃত্ব ও সেনাশূন্য করতে আবারো পুরোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।’ এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাগপার সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু জুলাই-পরবর্তী সরকারও এখন বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার পথে হাঁটতে শুরু করেছে।’
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় নিজেদের খোঁড়া গর্তে নিজেদেরই পড়তে হবে।’
জাগপা ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ এবং যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








