
মোট ৮ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ করছে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় এসব দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব দাবির মধ্যে রয়েছে— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
হাজার হাজার জনতার উপস্থিতিতে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজার হাজার মহিলা, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বহরকে অভিবাদন জানায়। পথে গাজীপুরের ভোগরা বাইপাস রোড, টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভায় যোগ দেবে লংমার্চের বহর এবং সবশেষ রংপুরের জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক পথসভা অনুষ্ঠিত হবে এবং রাস্তার দু’পাশে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
কর্মসূচীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করছেন।







