
গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা টু রংপুর লংমার্চকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে টাঙ্গাইলবাসী।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে লংমার্চকে সমর্থন জানিয়ে টাঙ্গাইল শহর বাইপাসের নগরজলফৈ এলাকায় ১১ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। লংমার্চকে বরণ করে নিতে দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও যোগ দিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল নগরজলফৈ বাইপাসে সকাল ৯টায় শুরু হয়েছে পূর্ব নির্ধারিত পথসভা। ১১ দলের নেতাকর্মীরা সভায় বক্তব্য দিচ্ছেন। উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মাঝে মাঝেই চলছে ইসলামি সংগীত ও প্যারোডি গান।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামাত ডা: শফিকুর রহমানের নেতৃত্বে লংমার্চের গাড়িবহর গাজীপুরের পথসভা শেষ করে টাঙ্গাইলের পথে রওয়ানা হয়েছেন। এরপর টাঙ্গাইলের পথসভায় যোগ দেবেন ১১ দলের কেন্দ্রীয় নেতারা। ১১ দলীয় ঐক্য জেলা শাখা এই পথসভার আয়োজন করেছে। আমিরে জামাতসহ লংমার্চে থাকা ১১ দলের কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য রাখবেন।
এই লংমার্চকে স্বাগত জানাতে এবং পথসভায় অংশ নিতে সকাল থেকেই টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ১১ দলের নেতাকর্মীরা এই সভাস্থলে আসতে থাকেন। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতিতে পথসভা পরিণত হয়েছে মহাসমাবেশে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। এই লংমার্চ এবং পথসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর লংমার্চ এবং পথসভার খবর জানাতে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ১১ দলের নেতাকর্মীরা। সেখানে এই কর্মসূচির আদ্যোপান্ত তুলে ধরেন জামাতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহছান হাবীব মাসুদ। এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইল শহর বাইপাসের নগরজলফৈ এলাকার পথসভার স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দকে এই কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পথসভায় লক্ষাধিক লোকের উপস্থিতির আশাবাদ ব্যক্ত করে আহছান হাবীব মাসুদ বলেন, ‘এই লংমার্চ ও পথসভা সফল করতে আমাদের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন। গতকালই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক উৎসুক জনতা লংমার্চকে স্বাগত জানিয়েছেন। এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা ও যমুনা সেতু অঞ্চলসহ বাকি পথের বিভিন্ন স্থানে সাধারণ জনগণ এই লংমার্চকে সমর্থন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সকলের সার্বিক সহযোগিতায় ঢাকা টু রংপুর লংমার্চ অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।’







