প্রবাসী, ভোট, স্থানীয় সরকার নির্বাচন, সিইসি
রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রদানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনরাকে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন ছবি: নয়া দিগন্ত

বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রদানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনরাকে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন।

আজ বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সদস্য সচিব আল আমীন আটিয়া।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। একইভাবে ২৮ অনুচ্ছেদে বৈষম্য না করার নীতি এবং ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সংবিধানের ১২২ অনুচ্ছেদে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্যতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের নির্বাচনসংক্রান্ত আইনেও বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটারদের ডাকযোগে ভোট দেয়ার সুযোগের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। আমাদের প্রশ্ন খুবই সরল। জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটারদের ভোট দেয়ার ব্যবস্থা করা সম্ভব হলে, স্থানীয় সরকার নির্বাচনে একই নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব হবে না কেন?

তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিতে তাদের অবদান যদি স্বীকৃত হয়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকারও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।

দাবিতে তারা বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আইনসম্মত ও অহিংস গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে আদালতের আইনি পথ, জনমত গঠন এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি তুলে ধরব।