জামায়াত
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ছবি: নয়া দিগন্ত

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ সফল করতে গাজীপুরে বিশেষ দায়িত্বশীল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লং মার্চে গাজীপুর থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন। 

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। দীর্ঘ আলোচনার পর ৩৩টি রাজনৈতিক দল রাষ্ট্রব্যবস্থা ও সংস্কার বিষয়ে যে গাইডলাইন প্রণয়ন করেছে, তা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ হিসেবে সামনে এসেছে। জামায়াত ওই সনদে স্বাক্ষর করেছে এবং এর বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘গণভোটে জনগণের দেয়া রায়কে গণরায় হিসেবে বিবেচনা করে জুলাই জাতীয় সনদ অবিলম্বে বাস্তবায়ন, ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের মামলার দ্রুত বিচারসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছে জামায়াত।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসন এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধেও কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

ঢাকা-রংপুর লং মার্চ সম্পর্কে তিনি বলেন, ‘১৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে কর্মসূচী শুরু হবে। গাজীপুর হয়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা অতিক্রম করে রংপুরে গিয়ে তা শেষ হবে। জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচী সফল করা হবে।’

গাজীপুরবাসীর উদ্দেশে জুবায়ের বলেন, ‘আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ঐতিহ্যের কারণে ১৯ সেপ্টেম্বর গাজীপুর থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।’

সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। জেলা জামায়াতের আমির ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের বিচারসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ দাবি করেন।

সমাবেশে জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।