লিটনের বিশ্বরেকর্ড

 ক্রীড়া প্রতিবেদক
রায়ান রিকেল্টনকে স্টাম্পিং করে ছুঁয়েছিলেন পাঁচজনকে। কাগিসো রাবাদাকে একইভাবে ফিরিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন লিটন কুমার দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন শুধুই বাংলাদেশের এই উইকেটরক্ষকের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলে ৮টি ডিসমিসাল করেছেন লিটন। 
উইকেটের পেছনে লিটন কতটা ভরসাযোগ্য হয়ে উঠেছেন, সেটার প্রমাণ দিয়েছেন জোহানেসবার্গে। ধরেছেন ৬ ক্যাচ। করেছেন দু’টি স্টাম্পিং। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৮ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি করে ডিসমিসালের কীর্তি ছিল পাঁচ উইকেটরক্ষকের। পাকিস্তানের ওয়াসিম বারি ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন। পরের বছর ভারতের বিপক্ষে রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা নাম লেখান এই তালিকায়। তাদের মধ্যে সিলভার কীর্তিটাই সাম্প্রতিক। বাকিগুলো ঘটেছে ২০-৪০ বছরেরও বেশি সময় আগে। ২০২৩ সালে সিলভা সাত ডিসমিসাল করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন দিনের মধ্যেই ৬ ক্যাচ ধরে রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন লিটন। তাতে টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ ধরার রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এই কীর্তি এর আগে ছিল মুশফিকের দুইবার ও লিটনের একবার। গতকাল চতুর্থ দিনে লিটন দু’টি স্টাম্পিং করেছেন। দু’টি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার রান ছিল ৫। রায়ান রিকেল্টন করেছিলেন ৫৬ রান। মিরাজ-হাসান মাহমুদ-তাসকিন আহমেদদের নির্বিষ বোলিংয়ে কোনোরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি স্বাগতিকদের। বাংলাদেশ দ্বিতীয় দিনেই হাসান মাহমুদের এক ওভারে দু’টি রিভিউ নষ্ট করেছে। গতকাল হাতে থাকা একটা রিভিউ নষ্ট করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ১১২তম ওভারের শেষ বলে রিকেল্টনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন মিরাজ। আম্পায়ার সাড়া দেননি। লিটন-মিরাজের সাথে আলোচনা করে শান্ত একেবারে শেষ মুহূর্তে রিভিউ নিয়েছেন। রিভিউ নষ্ট হওয়ার আগেই রিকেল্টন পূর্ণ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
সেঞ্চুরির পর অবশ্য স্কোর বড় করতে পারেননি রিকেল্টন। ১১৪তম ওভারের প্রথম বলে মিরাজকে তুলে মারতে গেলে ক্ষিপ্রতার সাথে স্টাম্পিং করে লিটন সাত ডিসমিসাল করে বিশ্ব রেকর্ডে ভাগ বসান। কিছুক্ষণ পর অষ্টম ডিসমিসাল করে রেকর্ডটা নিজের করে ফেলেন লিটন। যেখানে ১১৬তম ওভারের দ্বিতীয়, তৃতীয় বলে টানা দু’টি ছক্কা মারেন রাবাদা। চতুর্থ বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসতে যান রাবাদা। সেই সুযোগে স্টাম্পিং করেন লিটন।
প্রথম ইনিংসে লিটনের ছয়টি ক্যাচের শিকার হয়েছেন এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো জনসেন ও সাইমন হার্মার। আর দু’টি স্টাম্পিং রায়ান রিকেল্টন ও কাগিসো রাবাদার।

Advertisement