আর্জেন্টিনার গোলবন্যা
কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করা মাস্তানতুয়োনো : ইন্টারনেট।

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি যুগের অবসান ঘটেছে আর্জেন্টিনার ফুটবলে। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়ের পর নতুন যুগের শুরুটা মোটেও সুখকর হয়নি মেসিবিহীন আকাশী-সাদা জার্সিধারীদের। আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিওনেল স্কালোনির দল। কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে নতুন শুরুর বার্তা দিয়েছে আলবিসেলেস্তেরা। জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ, নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। একবার জালের দেখা পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 
আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। আক্রমণ, বল দখল কিংবা গোলের সুযোগ তৈরি- সব বিভাগেই তারা পেছনে ফেলে কোস্টারিকাকে। ম্যাচ শুরুর ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বল দেয়া-নেয়ার এক পর্যায়ে আলভারেজকে পাস দিতে চেয়েছিলেন ফার্নান্দেজ। মাঝ পথে বল ধরে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন পাজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। পেনাল্টি স্পটের কাছ থেকে নিখোজ শটে জালে বল জড়িয়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন পাজ। ৪৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আলভারেজও। প্রেস্তিয়ান্নির কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে কাছের পোস্টে জড়িয়ে দেন তিনি। তাতে বিরতির আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার ৩ মিনিট পরই আরো এক গোল পায় আর্জেন্টিনা। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো করেন দলের পঞ্চম গোল। ম্যাক্সিমো পেরোনের কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সিরি ‘আ’র ক্লাব ফিওরেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর ৭৮ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডি বক্সে বল পেয়ে জায়গা করে নিয়ে গতিময় শটে জালে পাঠান লিভারপুলের এই মিডফিল্ডার। আর আর্জেন্টিনার হয়ে শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করেন মাস্তানতুয়োনো। ম্যাচের ৮৮ মিনিটে জুলিয়ানো সিমিওনের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের মাথা থেকে জাল খুঁজে নিলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগ কেমন হবে, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। উরুগুয়ের বিপক্ষে হারের পর সেই প্রশ্ন আরো জোরালো হয়েছিল। তবে কোস্টারিকার বিপক্ষে তরুণদের এমন পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দেবে কোচ স্কালোনিকে। বিশেষ করে নিকো পাজ ও মাস্তানতুয়োনোর মতো তরুণদের পারফরম্যান্স আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি করেছে। আর তাতে কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে জয় দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করল আর্জেন্টিনা।

Advertisement