
ক্রীড়া প্রতিবেদক
স্বাগতিক বাংলাদেশ। তাদের রয়েছে হামজা চৌধুরীসহ অন্য প্রবাসীরা। পাকিস্তান দলের ৮-৯ জন প্রবাসী। শ্রীলঙ্কাতো ১৮-১৯ প্রবাসী নিয়ে এসেছিল। দুইবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ এখন আর সেই অবস্থায় নেই। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের আগের কমিটির দুর্নীতির কারণে লিগ বন্ধ ছিল দুই বছর। আর ভারত এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। পরে সেই দল থেকে আরো ৭ ফুটবলার চলে যাওয়ায় কার্যত ‘সি’ টিমে পরিণত হয়েছিল ভারত। তাই সব মিলে বাংলাদেশকেই এবারের সাফের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবা হয়েছিল। অথচ সেই বাংলাদেশ ফাইনালেই উঠতে পারেনি। আর সেমিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নৈপুণ্য আর ভুটানের বিপক্ষে ভারতের কষ্টার্জিত জয় পাকিস্তানকেই নিয়ে গিয়েছিল হট ফেবারিটের তালিকায়। অথচ ‘সি’ টিম নিয়ে এসেও ফের ঢাকা থেকে সাফ শিরোপা জয় করে নিলো ভারত। এটি তাদের দশম সাফ ট্রফি জয়। পাকিস্তানের ইউরোপে খেলা ফুটবলারদের ধরাশায়ী করে ভারতের ২-১ গোলে ফাইনাল জয়। এতে ভারতের ফুটবলের শক্তিশালী অবকাঠামো এবং উন্নত ঘরোয়া লিগেরই প্রতিচ্ছবির বহিঃপ্রকাশ ঘটেছে।
এবারের সাফে কোনো ম্যাচেই হারেনি ভারত। এমনকি কোনো ড্রও করেনি। টানা তিন ম্যাচেই তারা জিতেছে। যদিও গ্রুপ পর্বের দুই ম্যাচ ও সেমিতে তাদের ধুঁকতে হয়েছিল বিরতির পর ও শেষ দিকে। সেটি অবশ্য ছিল না ফাইনাল ম্যাচে। মূলত পাকিস্তানের ১০ জনে পরিণত হওয়াটাই ম্যাচে ঘুরে দাঁড়াতে সহায়তা করে ভারতকে। এরপর আরো দুর্বার হয়ে ম্যাচটি ২-১-এ জিতে নেয় ভারত। একটি দেশের ‘সি’ ক্যাটাগরির দল যখন সাফে চ্যাম্পিয়ন হয় অন্য ফেবারিটদের টপকে, তখনই বুঝা যায় সেই দেশের ফুটবল অবকাঠামো কতটা উন্নত।
আসলে ভারত অনেক দিন ধরেই সাফ ফুটবল ও এসএ গেমস নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য আরো ওপরে। তাই তারা দুইবারের বিশ^কাপ জয়ী উরুগুয়ে এবং পাঁচবারের বিশ^সেরা ব্রাজিলের সাথে ফিফা ম্যাচ খেলে। সাফের সময়ই তারা মূল দলকে বাংলাদেশে না পাঠিয়ে নিউজিল্যান্ড পাঠিয়েছে। এই নিউজিল্যান্ডও বিশ^কাপে খেলা দল। সেখানে বাংলাদেশের কাছে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব এলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়ে দেন, ‘ব্রাজিলের সাথে খেললেই তো বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে না।’
পার্থক্যটা আসলে এখানেই। বাংলাদেশ যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা-উরুগুয়ের মতো দলের সাথে ফিফা প্রীতিম্যাচ খেলার সাহসই পায় না, সেখানে ভারতের যুব দলও হারিয়ে দেয় আর্জেন্টিনার যুব দলকে। সুতরাং তারাইতো সাফে চ্যাম্পিয়ন হবে। ভারতের কোচ নওশাদ মুসাও উল্লেখ করলেন, ‘আমাদের এই নতুন ফুটবলাররা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তারাও এখন সিনিয়র জাতীয় দলে কড়া নাড়তে শুরু করেছে।’
বাংলাদেশের বিপক্ষে সেমিতে জয়ের পর প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের আত্মবিশ^াস বেড়ে গিয়েছিল পাকিস্তানের। বিশেষ করে তাদের দলে নতুন পাঁচ প্রবাসী ফুটবলার যোগ হওয়ায়। কিন্তু ফাইনালে ভারতের কাছে তাদের হারতে হলো। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা ব্যক্ত করে পাকিস্তানের কোচ নলবের্তো আলবিনো সোলানো জানান, ‘আমাদের দারুণ চান্স ছিল চ্যাম্পিয়ন হওয়ায়। দুর্ভাগ্য আমাদের ট্রফিতে হাত ছোঁয়াতে দেয়নি। তবে আমি অবশ্যই ভারতীয় দলের প্রশংসা করবো। ফুটবল অবকাঠামো এবং ঘরোয়া লিগই তাদের ফুটবল মানকে উঁচুতে নিয়ে গেছে।’ সে সাথে পাকিস্তানের ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য পেশাদার লিগের ওপরও গুরুত্ব দেন।
ভারত এবারের সাফে চ্যাম্পিয়ন হয়েছে সম্পূর্ণ নিজস্ব খেলোয়াড় নিয়ে। অন্য পাঁচ দলেই বিদেশী কোচ। সেখানে ভারত নিজেদের কোচ নওশাদ মুসাকে দিয়েই শিরোপা জিতেছে। অন্য সব ফুটবলারই তাদের ঘরের লিগে খেলা। যদিও নওশাদ জানান, ভালো প্রবাসী থাকলে অবশ্যই নিতে হবে। এরা পার্থক্য গড়ে দেয়। আমাদের সিনিয়র দলে অস্ট্রেলিয়ায় বড় হওয়া রায়ান উইলিয়ামস বিশাল পার্থক্য গড়েছেন।
এক অর্থে চ্যাম্পিয়ন ভারত দলে মুসলিম ফুটবলারদেরই জয়জয়কার হয়েছে এই আসরে। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাশ্মিরের সুহাইল আহমেদ ভাট। তিনি মোট ৪ গোল করেছেন। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আরস আনোয়ার শেখ। ছত্তিশগড়ের ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক সেমিফাইনাল ও ফাইনালে খেলেছেন। লিগ পর্বে অবশ্য পোস্টের নিচে ছিলেন প্রিয়ান্স দুবে। সাফে ৫-৬ মুসলিম ফুটবলার এনেছিল তারা।
ভারত জাতীয় দলের বর্তমান কোচ খালিদ জামিল। আর সাফে দ্বিতীয় সারির দল নিয়ে আসা দলের কোচ মহারাষ্ট্রের নওশাদ মুসা। তবে সাফে মাঠের মতো মাঠের বাইরেও মাতিয়ে গেছেন সুহাইল। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি পরে খেলেন। সুহাইলের গোল উদযাপনও পর্তুগালের তারকা ফুটবলারটির মতো। পরশু রাতে ফাইনাল জয়ের পর কয়েক দফা গ্যালারির কাছে যান তিনি। ভারতীয় পতাকা নিয়ে দর্শকদের সাথে হাত মেলান তিনি। প্রথমবার সাফ খেলতে এসেই সেরা গোলদাতা হওয়া। আগামীতে যে তিনি আরো জ¦লে উঠবেন সেই ইঙ্গিতই দিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








