সিরিজ খোয়াল অস্ট্রেলিয়া
শতরান করা ইংলিশ ব্যাটার বেন ডাকেট : ক্রিকইনফো।

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্ত জয় দিয়ে করেছিল অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে প্রথমটিতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। কিন্তু এরপর আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মিচেল মার্শের দল। দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের বড় জয়ের পর তৃতীয় ওয়ানডেতেও ৯৭ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের ইংল্যান্ড।
হোবার্টে গতকাল সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮.৩ ওভারে ৩২৮ রান সংগ্রহ করে সফরকারীরা। ১১৫ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন ডাকেট। তার ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছক্কা। এ ছাড়া উইল জ্যাকসের ৫৯ ও টম ব্যান্টনের ৪৪ রান ছিল উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৩১ রানে নেন ৪ উইকেট।
বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ম্যাট রেনশোর ৫৫ ও অ্যালেক্স ক্যারির ৩৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। ৪৭ ওভারের আগেই ২৩১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে সনি বেকার ৪৫ রানে ৪ উইকেট এবং লিয়াম ডসন ৪২ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন ডাকেট। আর পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার হয়েছেন টম ব্যান্টন।

Advertisement