
নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বহুল প্রতীক্ষিত বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেনজেন শহরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের পঞ্চম-পদস্থ সদস্য ও শি জিনপিংয়ের চিফ অব স্টাফ কাই চি। পুতিনের এই সফরকে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক মহলের মূল আকর্ষণ শেনজেন। এটি কেবল নিয়মিত এপেক সম্মেলন নয়, বরং এখানেই প্রথমবারের মতো এক টেবিলে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভøাদিমির পুতিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের পার্শ্ব অধিবেশনে আজ বৃহস্পতিবার এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতেই মূলত পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বৈঠকে নেতারা বহু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবেন এবং তারা ইরানের যুদ্ধ বন্ধেরও চেষ্টা করছেন। তবে আলোচ্যসূচি নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য প্রকাশ না করায় বৈঠকটি ঘিরে রহস্য ও জল্পনা আরো ঘনীভূত হয়েছে।
বৈরিতা প্রশমনে অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ : গত এক বছরেরও বেশি সময় ধরে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার তীব্র প্রযুক্তিগত ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় এক ধরনের অস্বস্তিকর যুদ্ধবিরতি বজায় রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার শেনঝেনে পৌঁছেছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তৃতীয়বারের মতো বৈঠকে বসছেন। তবে এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা খুবই কম।
শেনঝেন বিমানবন্দরে শি জিনপিং নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানান। সাধারণত চীনা প্রেসিডেন্টরা কোনো বিদেশী রাষ্ট্রপ্রধানের আগমনে বিমানবন্দরে সশরীরে উপস্থিত থাকেন না। এ সময় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকরা ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই অপেক্ষা করছিলেন। লাল গালিচা সংবর্ধনা সত্ত্বেও, বিশ্লেষকরা মনে করছেন যে আজ বৃহস্পতিবার শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি-র বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে, দুই নেতা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ককে স্থিতিশীল করার দিকেই বেশি মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে যখন উভয় পক্ষের মতপার্থক্যগুলো স্পষ্ট হয়ে উঠেছে; এর মধ্যে আবার অভিযোগ উঠেছে যে, চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক সিইওকে লক্ষ্য করে চীন গুপ্তচরবৃত্তির কার্যক্রম চালিয়েছিল। ব্রুকিংস ইনস্টিটিউশনের ‘জন এল. থর্নটন চায়না সেন্টার’-এর পরিচালক রায়ান হাস বলেন, ট্রাম্প ও শি- উভয় নেতাই চান এমন একটি ইমেজ তুলে ধরতে যে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আলজাজিরাকে রায়ান হাস বলেন, ‘আমি মনে করি না যে অদূর ভবিষ্যতে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে।’ তিনি আরো যোগ করেন, ‘আগামী বছর তাদের জন্য এই সম্পর্ক পরিচালনা করা আরো চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে, কারণ ২০২৬ সালের তুলনায় সরাসরি শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনার সুযোগ তাদের হাতে হয়তো ততটা থাকবে না।’ আলোচনার আগে, ট্রাম্প এনভিডিয়া সংক্রান্ত বিতর্কটিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেছেন। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং এবং ‘মেগাস্পিড’ নামের একটি প্রতিষ্ঠানের এক নির্বাহীর মধ্যকার সম্পর্ক; ওই নির্বাহীর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে। এই কেলেঙ্কারিটি ট্রাম্প প্রশাসনের ভেতরে চীনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ পাওয়ার সুযোগ দেয়া নিয়ে বিদ্যমান উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’ যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এনভিডিয়ার জিপিইউ (এচট) চীনে পাচার করেছে- এমন সন্দেহের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৈঠকের ভূরাজনৈতিক গুরুত্ব ও সমীকরণ : পারমাণবিক শক্তিধর তিন দেশের শীর্ষ নেতার এই সম্মেলনকে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘ইয়াল্টা সম্মেলনের’ সাথে তুলনা করছে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করেছিল। আলোচ্যসূচি নিয়ে তিন পক্ষের অবস্থানে এখনো স্পষ্ট ভিন্নতা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী, ট্রাম্প চান পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে, আর চীন ইউক্রেন সঙ্ঘাতে নিজেকে সরাসরি জড়িত দেখাতে অনাগ্রহী। বিশ্লেষকদের মতে, পুতিনের জন্য এই বৈঠক একটি বড় কূটনৈতিক সাফল্য; এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন নয়। ট্রাম্পের জন্য এটি তিন পরাশক্তিকে এক টেবিলে আনার কৃতিত্ব দাবির সুযোগ। অপরদিকে, শি জিনপিংয়ের জন্য বিষয়টি একইসাথে সুযোগ ও ঝুঁকির। এটি তাকে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেও ইউরোপের অসন্তোষ চীনের বাণিজ্যিক স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেনজেনে পুতিনকে দেয়া লাল গালিচা অভ্যর্থনার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সপ্তাহের সূচনা হলো। আজকের বৈঠকে সুনির্দিষ্ট কোনো চুক্তি স্বাক্ষরিত হবে, নাকি পুরো আয়োজন কেবল আনুষ্ঠানিক ফটোসেশনেই সীমাবদ্ধ থাকবে- তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বৈশ্বিক রাজনীতির গতিপথ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








