সীমান্তে নজরদারি জোরদার, নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান শুরু

আমিনুল ইসলাম

Advertisement

গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ কৌশলে দেশে প্রবেশের চেষ্টা করছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব নেতাকর্মী এবং পালিয়ে থাকা পুলিশের সদস্যদের দেশে ফেরার খবর ছড়িয়ে পড়েছে গোয়েন্দা মহলে। শুধু সীমান্ত পথেই নয়, বিমানবন্দর দিয়েও কারো কারো দেশে প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই মধ্যে গত মঙ্গলবার ভোরে গ্রেফতার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। এর এক দিন পর বুধবার ভোরে গ্রেফতার হন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব:) নজরুল ইসলাম হিরু। একই দিনে গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
তবে গ্রেফতার হওয়া এসব নেতা এত দিন কোথায় আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের একটি অংশ দেশের বাইরে অবস্থান করছিলেন। তাদের কেউ কেউ এখন দেশে ফেরার চেষ্টা করছেন। আবার কেউ কেউ আত্মগোপন থেকে বেরিয়ে নিজেদের অবস্থান জানান দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ছেন।
ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা : গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের একটি অংশ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিদেশে অবস্থানরত নেতাদের সাথে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের যোগাযোগ ও সমন্বয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্রগুলোর দাবি, বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ ভারতে জড়ো হচ্ছেন। সীমান্তে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও নানা কৌশলে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করছেন। তাদের আশঙ্কা, দেশে প্রবেশের পর এসব ব্যক্তি আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সংগঠিত করা, নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন, অর্থনৈতিক সহায়তা এবং প্রয়োজনীয় সাংগঠনিক সমন্বয়ে ভূমিকা রাখতে পারেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টাও হতে পারে। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখন পর্যন্ত দেশে প্রবেশের ক্ষেত্রে সিলেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তবে সীমান্ত দিয়ে কারা, কী উদ্দেশ্যে এবং কোন পথে দেশে প্রবেশ করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।
সীমান্তে বাড়তি সতর্কতা ও বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান : ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রতিটি বিওপিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে পালিয়ে থাকা ব্যক্তিদের কেউ কেউ দেশে ফিরলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। এ কারণে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে- এমন ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করেছে ডিএমপি। এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন বা পালিয়ে আছেন, তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। এসব স্থাপনায় পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও সাইবার স্পেসে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। মাঠপর্যায়েও সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশের দাবি, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট এবং বিশেষ অভিযান সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। তবে দেশে ফেরা ব্যক্তিদের প্রকৃত উদ্দেশ্য, তাদের সাথে দেশের ভেতরে থাকা কারো যোগাযোগ রয়েছে কিনা এবং ডিসেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগের পক্ষে কী ধরনের সুনির্দিষ্ট তথ্য রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।