দিনে সচিব, রাতে হত্যার নীলনকশায় জাহাঙ্গীর
  • জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
  • মানবতাবিরোধী অপরাধ

দিনের বেলায় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করতেন। রাতে যোগ দিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে। সেখানে শিক্ষার্থীদের আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ এবং কারফিউ জারির সিদ্ধান্তেও ভূমিকা ছিল তার। এসব বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনের নীলনকশা তৈরিতে যুক্ত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। জুলাই হত্যাযজ্ঞে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তার দায় নির্ধারণের দাবি জানিয়ে এবার তার বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
একই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, দুই কর্মকর্তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গতকাল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো: মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তার সাথে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ও আবদুল্লাহ আল নোমান। শুনানিতে জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনা অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরেন আবদুস সাত্তার পালোয়ান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। দিনের বেলায় সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে অংশ নিতেন তিনি। এসব বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো। আন্দোলন দমনে কারফিউ জারি ছিল সরকারের নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এই কারফিউর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা নিহত হন বলে অভিযোগ করেন প্রসিকিউটর।
রাষ্ট্রপক্ষের দাবি, কারফিউ জারি ও ছাত্র-জনতার ওপর সর্বোচ্চ বলপ্রয়োগের সিদ্ধান্তসংক্রান্ত নথিতে জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি আন্দোলন দমনের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। ফলে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের দায় থেকে তিনি অব্যাহতি পেতে পারেন না।
দুই আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অধীনস্থদের অপরাধের বিষয়ে তাদের দায় ও ভূমিকা বিচারের আওতায় আনার আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য, কোনো কর্মকর্তা সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও অপরাধ সংঘটনের পরিকল্পনা, নির্দেশনা, সহযোগিতা কিংবা অপরাধ প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী হতে পারেন। প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, দুই আসামির বিরুদ্ধে ৫২ জন সাক্ষী জবানবন্দী দিয়েছেন। তাদের বক্তব্যের পাশাপাশি অভিযোগের সমর্থনে ৯৩৬ পৃষ্ঠার তথ্য-উপাত্ত ও প্রমাণাদি জমা দেয়া হয়েছে। এসব সাক্ষ্য ও নথি পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেন তিনি। এ অবস্থায় দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।
রাষ্ট্রপক্ষের শুনানি শেষে জাহাঙ্গীর আলমের পক্ষে বক্তব্য দেন আইনজীবী মো: মজিবুর রহমান। তিনি তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান। আইনজীবীর দাবি, জাহাঙ্গীর আলম ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে কাজ করেননি। তিনি সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত বৈঠকগুলোতে তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নিরুপায় হয়েই তাকে এসব বৈঠকে অংশ নিতে হয়েছে। তাই শুধু সরকারি দায়িত্ব পালনের কারণে তাকে অপরাধের সাথে যুক্ত করা যায় না।
পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনিও আসামির অব্যাহতি চান। তার বক্তব্য, ধনঞ্জয় কুমার দাস কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, একইভাবে ধনঞ্জয়কেও অভিযুক্ত করা হয়েছে। কিন্তু এসব অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা নেই।
আসামিপক্ষের বক্তব্যের জবাবে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, সরকারি দায়িত্ব পালন করেছেন এমন যুক্তিতে কাউকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরাও এ আইনের আওতায় অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারেন। কোনো কর্মকর্তার কর্মকাণ্ড বাহ্যিকভাবে আইনসম্মত হলেও এর পেছনে সুনির্দিষ্ট অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, সেটি বিবেচনায় নিতে হবে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন। ওই দিন দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিচারিক প্যানেল। অভিযোগ গঠনের সিদ্ধান্ত হলে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর পরবর্তী ধাপ এগিয়ে যাবে।
এর আগে গত ২৭ আগস্ট জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সাথে পলাতক থাকায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অন্য দিকে জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
গত ২৫ অক্টোবর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। পরে নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় নতুন করে ১৮ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। গতকাল দুই পক্ষের শুনানি শেষ হওয়ার মধ্য দিয়ে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পর্ব শেষ হলো।
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অধীনস্থদের অপরাধের দায় এড়াতে না পারার অভিযোগ রয়েছে দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এসব কর্মকর্তার ভূমিকা কতটা অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল, তা বিচারের মাধ্যমে নির্ধারিত হবে কি না, এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।

Advertisement