
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন পোর্টাল খোলা রাখতে এবং যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী কামরুন নাহারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির। তিনি বলেন, যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে। এ সময়ের মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া যাবে না। সে কারণেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার জানান, এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিবেচনা থেকেই আদালতের কাছে প্রতিকার চাওয়া হয়েছে। কামরুন নাহার আরো বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এ নির্দেশনা বিবেচনায় নেয়নি। ইউজিসির নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করেন।
আদালতের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন আবেদন পোর্টাল খোলা রাখতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদেরও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ দিতে হবে। এতে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পাবেন। রিট আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত থাকলে পরদিন ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবে।
আদালতের এ নির্দেশনার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ ও পরবর্তী কার্যক্রম কিভাবে নির্ধারণ করবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








