আইসিজের রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা জাতিসঙ্ঘের

কূটনৈতিক প্রতিবেদক

Advertisement

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে রাখাইনে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের বিশেষ র‌্যাপোর্টার কেলি অ্যান একেলস-কারি। তিনি বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ এমনভাবে সামরিক বাহিনী ও জাতীয়তাবাদী বৌদ্ধ সংগঠনগুলোর সাথে  যোগাযোগ রাখছে, যা উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে। এসব গোষ্ঠীর কিছু সদস্য অতীতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা ও উসকানি দেয়ার ঘটনায় জড়িত ছিল। তাদের মধ্যে সামগ্রিকভাবে মুসলিমবিরোধী মনোভাব রয়েছে। আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে মিয়ানমারে ইতোমধ্যেই মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়া হচ্ছে। 
বিশেষ র‌্যাপোর্টার মিয়ানমার কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা যেন জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে মিয়ানমার কর্তৃপক্ষকে এমন সব উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করে, যা আরো সহিংসতার জন্ম দিতে পারে।
বাংলাদেশে এক সপ্তাহের সফর শেষে গতকাল রাজধানীর গুলশানে জাতিসঙ্ঘ ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এক প্রশ্নের জবাবে বিশেষ র‌্যাপোর্টার এ সব কথা বলেন। নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আইসিজে আজ বৃহষ্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায় দেয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা, আর্থ-সামাজিক উন্নয়নসহ জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের ৮৮ দফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন পেশের পরদিনই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সামরিক বাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠিগুলো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর জাতিগত নিধন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে আরাকান আর্মির নিপীড়নে আরো দেড় লাখ রোহিঙ্গা রাখাইন থেকে কক্সবাজারে আশ্রয় নিতে বাধ্য হয়। 
কারি বলেন, আইসিজের কার্যক্রমের অংশগ্রহণ এবং নিজেদের যুক্তি উপস্থাপনের পূর্ণ সুযোগ মিয়ানমারকে  দেয়া হয়েছিল। আদালতের সিদ্ধান্ত প্রতিপালনে দেশটি বাধ্য। আমি জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গণহত্যায় দায়ী ব্যক্তিদের অথবা যারা গণহত্যা প্রতিরোধে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়টি বিবেচনা করে। পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 
জাতিসঙ্ঘ ব্যবস্থায় আইসিজের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, জাতিসঙ্ঘ সনদের অধীনেই এই আদালত প্রতিষ্ঠিত হয়েছে এবং এর রায়গুলোকে সব সদস্য রাষ্ট্রের গুরুত্বের সাথে নেয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, আদালতের রায় বাস্তবায়নে ব্যর্থ হওয়া মানে হলো জাতিসঙ্ঘ সনদের অধীনে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করা।
বিশেষ র‌্যাপোর্টার কারি রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শরণার্থী শিবিরগুলোতে নিরাপত্তাহীনতা বৃদ্ধি, মানবিক সহায়তার পরিমাণ কমে যাওয়া এবং মিয়ানমারে চলমান সঙ্ঘাত- এ সবকিছুই রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ব্যাহত করছে। মিয়ানমারে অব্যাহত সহিংসতা, দমন-পীড়ন এবং তাদের অধিকার থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার কারণে ১০ লাখেও  বেশি  রোহিঙ্গা শরণার্থী এখনো নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছে না।
তিনি শরণার্থী শিবিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে অননুমোদিত সশস্ত্রগোষ্ঠী ও অপরাধী সংগঠনগুলোকে দমন করা এবং তাদের নিরস্ত্রীকরণ করা। পাশাপাশি তিনি শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া পারস্পরিক চ্যালেঞ্জগুলোর সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।
করি বলেন, বাংলাদেশে শরণার্থী শিবির এবং স্থানীয় জনগোষ্ঠী- উভয়ের ওপরই প্রভাব বিস্তারকারী মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সঙ্ঘাতের সাথে গভীরভাবে যুক্ত। বাংলাদেশের নবনির্বাচিত সরকার রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি সামগ্রিক কৌশল প্রণয়নের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করেছে।
তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মি- উভয়ের নিয়ন্ত্রিত এলাকাতেই রোহিঙ্গা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী দমন-পীড়নের শিকার হচ্ছে এবং তাদের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও  টেকসই প্রত্যাবর্তনের পথকে অসম্ভব করে তুলছে এবং আরো বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করছে।
রোহিঙ্গাদের শরণার্থীদের মানবিক কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার। তিনি বলেন, মিয়ানমারে সঙ্ঘাত তীব্রতর হওয়া সত্ত্বেও দাতাদের কাছ থেকে প্রাপ্ত সহায়তার পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। মানবিক সংস্থাগুলোর পক্ষে রাখাইন রাজ্যের ভেতরে সহায়তা  পৌঁছে দেয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। একই সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের সহায়তার জন্য প্রাপ্ত তহবিল সর্বনিম্নে নেমে এসেছে, অথচ সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।