
নিজস্ব প্রতিবেদক
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৪ উপদেষ্টা। গত ১৬ নভেম্বরের এ হামলাকে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংঘটিত আন্তঃদেশীয় সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সমন্বিত তৎপরতার অংশ হিসেবে উল্লেখ করেছেন তারা। একই সাথে হামলার সাথে জড়িত ব্যক্তিদের পাশাপাশি কথিত পরিকল্পনাকারী ও উসকানিদাতাদেরও ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গতকাল ১৮ নভেম্বর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সাবেক উপদেষ্টারা এ দাবি জানান। ‘লন্ডনে আন্তঃদেশীয় সহিংসতা ও বাংলাদেশজুড়ে ক্রমবর্ধমান হামলার নিন্দা’ শীর্ষক বিবৃতিতে তারা যুক্তরাজ্য সরকারের প্রতি ঘটনাটির পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাসবাদবিরোধী আইনসহ প্রযোজ্য আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, লন্ডনে নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তঃদেশীয় সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির বৃহত্তর তৎপরতার অংশ বলে তারা মনে করেন।
গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশী বংশোদ্ভূত অন্তত ১০ জন ব্রিটিশ নাগরিক আহত হন। আহতদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হয়। সাবেক উপদেষ্টাদের অভিযোগ, হামলাকারীদের উদ্দেশ্য ছিল নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের গুরুতর শারীরিক ক্ষতি করা।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্যের লন্ডনে এবং বাংলাদেশের গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার আমরা তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ : বিবৃতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার অভিযোগও তুলে ধরেন সাবেক উপদেষ্টারা। তাদের দাবি, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও এস এম জিলানীর বাড়িতে হামলা।
এ ছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানির অভিযোগও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেয়ার উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সাবেক উপদেষ্টারা এসব ঘটনাকে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তাদের মতে, লন্ডনের হামলা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার মধ্যে যোগসূত্রের অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা প্রয়োজন।
যুক্তরাজ্যের প্রতি তিন দফা আহ্বান : লন্ডনের হামলার পরিপ্রেক্ষিতে সাবেক উপদেষ্টারা যুক্তরাজ্য সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে-
১. হামলার বিষয়ে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং প্রত্যক্ষ হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী ও উসকানিদাতাদেরও আইনের আওতায় আনা।
২. সন্ত্রাসবাদবিরোধী আইনসহ ব্রিটিশ আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাজ্যের ভূখণ্ডকে পলাতক ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড পরিচালনা, সংগঠিত বা সহায়তা করার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার বন্ধ করা।
৩. যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ জন্য যুক্তরাজ্য সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে প্রবাসী বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের অপরাধের বিচার দ্রুত করার দাবি : বাংলাদেশ সরকারের প্রতিও কঠোর আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টারা। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যবস্তু করে চালানো সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক শীর্ষ নেতাদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম ফজলুল কবির খান, সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক ই আজম, ফরিদা আখতার, শারমীন সোনিয়া মুরশিদ, শেখ বশির উদ্দিন, ড. এ এফ এম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ানা হাসান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








