ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাত কুয়েত-বাহরাইনে

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই সময়ে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলায় ১১ জন ক্রু আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলা প্রচেষ্টার মধ্যেই এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সাথে তেহরানের আলোচনা চলছে। কিন্তু সর্বশেষ এ পাল্টাপাল্টি হামলা প্রায় ৯ মাস ধরে চলা এ যুদ্ধের অবসান ঘটানোর প্রক্রিয়াকে আবারো বাধাগ্রস্ত করেছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে কুয়েতের সেনাবাহিনী বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও স্থাপনায় ইরানের হামলার জবাবে এ অভিযান চালানো হয়। তবে ইরানের এক কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে তাদের। ইরানের ধারাবাহিক হামলা উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হরমুজে জাহাজে হামলা : এ দিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে হামলার শিকার হয় আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজ। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, হামলায় ১১ জন ক্রু আহত হয়েছেন। একজন এখনো নিখোঁজ। বাকি ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে সংশ্লিষ্ট কর্কৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান চলছে।
জাহাজটির নাম বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানায়নি এডিএনওসি। তবে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী একটি ট্যাংকারে কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। সেটি ক্ষেপণাস্ত্র না কি ড্রোন, তা নিশ্চিত করা হয়নি। এরপর জাহাজটির ক্রুরা সেটি ছেড়ে চলে যান।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি জাহাজ এবং দু’টি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। ব্রিটিশ নৌবাহিনীর সাথে সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, প্রণালীতে একটি ট্যাংকারে দ্বিতীয় দফায় হামলার পর এর ক্রুদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ওমানের খাসাবের উত্তরে ঘটেছে।
এডিএনওসি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।
যুদ্ধের বিস্তৃত প্রভাব : বাহরাইন জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো বুধবার ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তারা। দেশটির অভিযোগ, বাহরাইনের বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক অবস্থান’ নিয়েছে তেহরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত।
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বুধবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষ আবার হামলা চালালে আরো শক্তিশালী ও বিধ্বংসীভাবে জবাব দেয়ার প্রস্তুতি ও পরিকল্পনা তাদের রয়েছে। এ ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা থাকবে না। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইও বলেছেন, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এখন দেশটির হাতে বেশি সামরিক সরঞ্জাম রয়েছে এবং সশস্ত্র বাহিনী পিছু হটবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর তেহরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে। পরে সঙ্ঘাত লেবাননে ছড়িয়ে পড়ে। সেখানে ইসরাইলের সাথে ইরান-সমর্থিত হিজবুল্লাহর লড়াই শুরু হয়। ইয়েমেন থেকে হাউছিরাও সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জর্দানে থাকা মার্কিন বাহিনীকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর এ পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালী দিয়ে পরিবহন করা হতো। এখন জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রফতানি হুমকির মুখে পড়েছে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে।
এদিকে উত্তেজনা কমাতে কাতার ও ইরানের কর্মকর্তারা মঙ্গলবার বৈঠক করেছেন। কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, বিভিন্ন পক্ষের অবস্থানের মধ্যে ব্যবধান কমানো এবং আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর সমন্বয়ের লক্ষ্যেই এ আলোচনা হয়েছে।
অন্য দিকে সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হাউছিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। এ বিষয়ে হাউছিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সৌদি আরব ইরানের সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে সব ধরনের আগ্রাসন বন্ধ এবং আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ছে। গত সোমবার এক মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানান, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি আগে থেকেই ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের আরো দু’টি বিমানবাহী রণতরীর সাথে যুক্ত হয়েছে।