
পোশাকশিল্প রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠার দাবি
ফ্যাসিবাদ ও সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গতকাল তারা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড, পোশাকশিল্পে অস্থিরতা, জ্বালানি সঙ্কট, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, শিক্ষা ও বিচারব্যবস্থার নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশী-বিদেশী বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা আর রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অন্য দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যে ঐক্য ও অবস্থান ধরে রেখেছিল, বর্তমানে সেখানে দুর্বলতা তৈরি হয়েছে। এই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও বিরোধী দলসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।
আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী বললেন প্রধানমন্ত্রী : সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও বিদেশে একের পর এক সহিংস কর্মকাণ্ডের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে হেনস্তার চেষ্টা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড প্রমাণ করে দলটি রাজনৈতিক আচরণ থেকে সরে গেছে।
তারেক রহমান অভিযোগ করেন, পলাতক সাবেক নেত্রী তার অনুসারীদের দিয়ে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেয়া এবং গণতন্ত্রপন্থীদের হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, বারবার সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও জনগণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
২০২৪-এর চেতনায় ঐক্যের আহ্বান : তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগ দেশের স্বাধীনতাপ্রিয় মানুষকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে। এখন সেই চেতনা ধরে রেখে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা রক্ষা করতে হবে।
তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক মঞ্চে আসতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের চেতনায় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষা করতে হবে। বাংলাদেশকে আর কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেয়া যাবে না।
পোশাকশিল্প ধ্বংস হলে শ্রমিকের বেতন আসবে কোথা থেকে?
পোশাকশিল্পে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিরতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানা ধ্বংস হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে? বিদেশে পলাতক ফ্যাসিবাদী শক্তির উসকানিতে শ্রমিকদের একটি অংশ নিজেদের কর্মস্থলের ক্ষতি করছে বলে তিনি অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, দেশের তৈরী পোশাকশিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জনগণ মনে করে। যারা কারখানায় ভাঙচুর বা অগ্নিসংযোগ করছেন, তাদের মনে রাখতে হবে, এই কারখানাই তাদের জীবিকা ও পরিবারের আয়ের উৎস। শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করতে হবে।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে শিগগিরই নিম্নতম মজুরি ঘোষণা করা হবে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি : জ্বালানি সঙ্কট মোকাবেলায় সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যেই বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ না হলেও যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন সচল রাখতে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আলু-পেঁয়াজের দাম কমার দাবি : বাজার দরের তুলনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময় এক কেজি আলুর দাম ছিল ৭০ টাকা, বর্তমানে কাওরান বাজারে তা ২০ টাকা। পেঁয়াজের দাম ১৫০ টাকা থেকে কমে ৪০-৪২ টাকায় নেমেছে বলেও দাবি করেন তিনি। তারেক রহমানের দেয়া হিসাব অনুযায়ী, মোটা চালের দাম ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা এবং মিনিকেট চালের দাম ৮৫ টাকা থেকে ৭০ টাকায় এসেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কমানোর কথা জানান প্রধানমন্ত্রী। রমজান সামনে রেখে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ এবং খেজুর, আপেল ও মাল্টার শুল্ক কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
ঐক্যে দুর্বলতার সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি : শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দু’টি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হলেও গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের প্রত্যাশার সবটুকু এখনো বাস্তবায়িত হয়নি। ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন সেই ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। ক্ষমতা পরিবর্তন স্বাভাবিক বিষয়; কিন্তু সংস্কার ও সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে নিতে হবে।
শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাক্সক্ষা, গণভোটের রায় এবং জুলাই সনদের আলোকে দ্রুত ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
মাতারবাড়ী চুক্তি প্রকাশের দাবি : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতার বিষয় জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অতীতে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক চুক্তি হলেও সেগুলোর বিষয়বস্তু জনগণ জানতে পারেনি।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনো চুক্তি হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা প্রকাশের দাবি জানান তিনি। তার বক্তব্য, সংসদ ও জনগণের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
পোশাকশিল্প রক্ষায় নিরবচ্ছিন্ন জ্বালানি চান বিরোধীদলীয় নেতা : রফতানিমুখী শিল্প, বিশেষ করে তৈরী পোশাক খাত রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকলে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও মালিক- সব পক্ষই উপকৃত হবে। এ খাতে বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে।
শ্রমিক আন্দোলনের আড়ালে কারখানা ভাঙচুর, সিরামিক কারখানায় হামলা কিংবা বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগের পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তিনি। শ্রমিকদের কর্মস্থলকে নিজেদের ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, কোনো শ্রমিক নিজের কারখানা ধ্বংস করতে পারেন না। হামলা ও নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর সিদ্ধান্তের দাবি : চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে সরকারের বক্তব্য থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি; বরং বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, পণ্যের দাম দ্বিগুণ, তিন গুণ বা আড়াই গুণ হওয়ার পেছনে চাঁদাবাজির ভূমিকা রয়েছে। শিল্প খাতেও এর প্রভাব পড়ছে। সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যরা সমস্যাটি স্বীকার করলেও সম্মিলিতভাবে সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ জন্য শক্ত ও দৃশ্যমান সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ : দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তার মতে, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষকদের বাসায় গিয়ে ক্লাস করতে হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেয়ার জায়গায় পরিণত হয়েছে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থা জাতির মেরুদণ্ড হলেও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কাক্সিক্ষত শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে যোগ্যতার ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান তিনি।
ন্যায়বিচার নিশ্চিত হলে সব হত্যার বিচার হবে : বিচারব্যবস্থায় সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে তাদের সাথে চরম অবিচার করা হয়েছে। কিন্তু এখন অন্য কারো সাথে সামান্য অবিচারও তারা চান না। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান- এই নীতি বাস্তবে কার্যকর করতে হবে। যাদের বিরুদ্ধে বিচার চলছে বা ভবিষ্যতে বিচার হবে, সবার ক্ষেত্রেই একই নীতি অনুসরণ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত হলে সব হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি পাবেন। দুই নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, পোশাকশিল্পের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে একটি অভিন্ন অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। তবে রাজনৈতিক ঐক্যের আহ্বান বাস্তবে কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে সরকার ও বিরোধী দলের পারস্পরিক আস্থা, জবাবদিহি এবং সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে নিরপেক্ষ আইনি পদক্ষেপের ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








