গ্যাসের উদ্গিরণ মানেই গ্যাসক্ষেত্র নয়
অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম।
  • ইনানির ঘটনা অনুসন্ধানের নতুন ইঙ্গিত, তবে বাণিজ্যিক মজুদ প্রমাণে প্রয়োজন বৈজ্ঞানিক পরীক্ষা
  •  জাতীয় স্বার্থে বিজ্ঞানভিত্তিক তথ্যপ্রমাণ নিয়ে এগোতে হবে


সম্প্রতি কক্সবাজারের ইনানিতে ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণের ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা তৈরি হয়েছে। সেখানে গ্যাসের উপস্থিতি থাকলে এতদিন তা আবিষ্কৃত হয়নি কেন, দেশের তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলো কী করেছে এবং বাপেক্সের মতো জাতীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা কতটুকু- এসব প্রশ্ন সামনে এসেছে। কিন্তু ভূগর্ভে গ্যাসের উপস্থিতি, গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন এক বিষয় নয়। এ বিষয়ে বৈজ্ঞানিক বাস্তবতা, অনুসন্ধানের সীমাবদ্ধতা, জাতীয় জ্বালানি নিরাপত্তা এবং বাপেক্সের সক্ষমতা নিয়ে কথা বলেছেন পেট্রোলিয়াম ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ্যা বিশেষজ্ঞ ও ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালামের অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম। তার এই সাক্ষাৎকার নিয়েছেন নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। নিচে বিস্তারিত-
প্রশ্ন : কক্সবাজারের ইনানিতে ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণের ঘটনা জনমনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কেউ বলছেন, সেখানে গ্যাস থাকলে এতদিন আবিষ্কৃত হয়নি কেন? কেউ আবার বাপেক্সের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন?
ড. আমিনুল ইসলাম : প্রথমেই মনে রাখতে হবে, ভূগর্ভে তেল-গ্যাসের উপস্থিতি নির্ণয়ের এমন কোনো সর্বজনীন ও শতভাগ নির্ভুল প্রযুক্তি নেই, যার মাধ্যমে অনুসন্ধান কূপ খনন ছাড়াই নিশ্চিতভাবে বলা যায় যে, নির্দিষ্ট কোনো স্থানে বাণিজ্যিক পরিমাণে তেল বা গ্যাস রয়েছে। ভূতত্ত্ববিদ ও ভূপদার্থবিদরা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, ভূতাত্ত্বিক প্রমাণ এবং ভূপদার্থবৈজ্ঞানিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্ভাব্য হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে ধারণা তৈরি করেন। পর্যায়ক্রমে সেই ধারণা যাচাই করাই অনুসন্ধানের মূল উদ্দেশ্য। ইনানির ঘটনাটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক ইঙ্গিত। তবে এ ঘটনা থেকে সরাসরি সেখানে বড় গ্যাসক্ষেত্র রয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। আমাদের জানতে হবে, গ্যাসটি কোথা থেকে আসছে, কিভাবে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে এবং এর উৎস ও প্রকৃতি কী।
প্রশ্ন : ভূপৃষ্ঠে গ্যাসের উদ্গিরণ কি ভূগর্ভে গ্যাসের মজুদ থাকার প্রমাণ নয়?
ড. আমিনুল ইসলাম : এটি ভূগর্ভে হাইড্রোকার্বনের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। ভূপৃষ্ঠে প্রাকৃতিক গ্যাস নিঃসরণ, সমুদ্রের পানিতে তেলের আস্তরণ, ফাটল বা ঝরনা দিয়ে গ্যাসের বুদবুদ নির্গমন কিংবা নলকূপ খননের সময় আকস্মিক গ্যাস উদ্গিরণ- এসব ঘটনাই ভূগর্ভে হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে অনুসন্ধানের সূত্র দিতে পারে। এ ছাড়া সিসমিক জরিপে ব্রাইট স্পট, ফ্ল্যাট স্পট কিংবা অ্যামপ্লিটিউড ভার্সাস অফসেট বা এভিও অ্যানোমালির মতো ডাইরেক্ট হাইড্রোকার্বন ইন্ডিকেটর পাওয়া যেতে পারে। তবে এ সবের কোনোটিই এককভাবে বাণিজ্যিক গ্যাসক্ষেত্রের অস্তিত্ব নিশ্চিত করে না।
প্রশ্ন : তাহলে একটি পূর্ণাঙ্গ গ্যাসক্ষেত্র গড়ে ওঠার জন্য ভূগর্ভে কী ধরনের পরিস্থিতি প্রয়োজন?
ড. আমিনুল ইসলাম : তেল-গ্যাস সৃষ্টি ও সঞ্চয়ের জন্য ভূগর্ভে একটি কার্যকর পেট্রোলিয়াম সিস্টেম থাকতে হয়। এর প্রধান উপাদান চারটি- সোর্স রক, রিজার্ভার রক, সিল রক ও ট্র্যাপ। এগুলোর পাশাপাশি উপযুক্ত ভূতাত্ত্বিক ইতিহাস, পর্যাপ্ত তাপীয় পরিপক্বতা, হাইড্রোকার্বন উৎপাদন, স্থানান্তর, সঞ্চয় এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের অনুকূল পরিবেশও প্রয়োজন।
জৈব পদার্থসমৃদ্ধ সোর্স রক ভূগর্ভে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত তাপমাত্রার প্রভাবে পরিপক্ব হলে তেল ও থার্মোজেনিক গ্যাস সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়কে আমরা অয়েল উইন্ডো ও গ্যাস উইন্ডো বলি।
উৎপন্ন হাইড্রোকার্বন উপযুক্ত পথ দিয়ে স্থানান্তরিত হয়ে ছিদ্রযুক্ত ও প্রবেশ্য রিজার্ভার শিলায় পৌঁছাতে পারে। সেখানে কার্যকর ট্র্যাপ ও সিল থাকলে তেল-গ্যাস সঞ্চিত হয়। কিন্তু এসব উপাদান থাকলেই যে গ্যাসক্ষেত্র তৈরি হবে, তার নিশ্চয়তা নেই। উৎপত্তি, স্থানান্তর, ট্র্যাপ গঠনের সময় এবং সংরক্ষণের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে সম্ভাবনাময় ভূতাত্ত্বিক কাঠামোও শেষ পর্যন্ত গ্যাসশূন্য হতে পারে।
প্রশ্ন : তেল-গ্যাস অনুসন্ধানে ভূতত্ত্ববিদরা সাধারণত কী ধরনের পদ্ধতি অনুসরণ করেন?
ড. আমিনুল ইসলাম : অনুসন্ধান একটি ধারাবাহিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমে ভূ-পৃষ্ঠে উন্মুক্ত শিলাস্তরের প্রকৃতি, বয়স, গঠন, ভাঁজ, চ্যুতি, স্তরবিন্যাস এবং জৈব পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হয়। প্রয়োজন হলে ভূ-রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে সোর্স রকের হাইড্রোকার্বন উৎপাদনক্ষমতা মূল্যায়ন করা হয়।
এরপর দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সিসমিক জরিপ, বেসিন মডেলিং এবং পেট্রোলিয়াম সিস্টেম বিশ্লেষণের মাধ্যমে ভূগর্ভের সম্ভাব্য রিজার্ভার ও ট্র্যাপ শনাক্ত করার চেষ্টা করা হয়। সবশেষে অনুসন্ধান কূপ খনন, লগিং, নমুনা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের উপস্থিতি ও উৎপাদনক্ষমতা যাচাই করা হয়।
পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং অনিশ্চয়তাপূর্ণ। এ কারণেই শুধু কোনো একটি লক্ষণ দেখে গ্যাসক্ষেত্রের অস্তিত্ব ঘোষণা করা যায় না।
প্রশ্ন : ইনানির গ্যাস উদ্গিরণের সম্ভাব্য ভূতাত্ত্বিক ব্যাখ্যা কী হতে পারে?
ড. আমিনুল ইসলাম : এ ক্ষেত্রে কয়েকটি সম্ভাবনা বিবেচনা করতে হবে। গ্যাসটি কোনো গভীর রিজার্ভার থেকে আসতে পারে। কোনো চ্যুতি বা ভূগর্ভের ফাটল দিয়ে গভীর স্তরের গ্যাস উপরে উঠে আসতে পারে। আবার এটি অগভীর গ্যাসসমৃদ্ধ কোনো স্তর থেকেও নির্গত হতে পারে।
দীর্ঘ ভূতাত্ত্বিক সময় ধরে গ্যাস লিকেজের ফলে কোনো সঞ্চয়ের উল্লেখযোগ্য অংশ হারিয়ে যেতে পারে। আবার গভীরে এখনো বাণিজ্যিক পরিমাণে গ্যাস সঞ্চিত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
তাই ইনানির ঘটনায় গ্যাস উদ্গিরণ ঘটেছে বলেই সেখানে বড় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে- এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। প্রথমে গ্যাসের রাসায়নিক ও আইসোটোপিক বিশ্লেষণ করতে হবে। এরপর ভূতাত্ত্বিক ও ভূপদার্থবৈজ্ঞানিক জরিপের মাধ্যমে এর উৎস ও বিস্তৃতি সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। প্রয়োজন হলে অনুসন্ধান কূপ খনন করতে হবে।
প্রশ্ন : এ ধরনের গ্যাস উদ্গিরণের ঘটনায় সরকারের তাৎক্ষণিক করণীয় কী হওয়া উচিত?
ড. আমিনুল ইসলাম : প্রথম অগ্রাধিকার হওয়া উচিত জননিরাপত্তা নিশ্চিত করা। গ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণ, সম্ভাব্য অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি মূল্যায়ন এবং পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর বিশেষজ্ঞদের মাধ্যমে গ্যাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হবে।
একইসাথে ঘটনাস্থলের ভূতাত্ত্বিক অবস্থা, আশপাশের ফাটল ও শিলাস্তর এবং গ্যাস নির্গমনের ধরন পরীক্ষা করা প্রয়োজন। বিষয়টিকে শুধু সংবাদমাধ্যমের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সুসংগঠিত বৈজ্ঞানিক অনুসন্ধানের আওতায় আনতে হবে।
প্রশ্ন : কোনো স্থানে গ্যাস পাওয়া গেলে কি সেটিকে গ্যাসক্ষেত্র বলা যায়?
ড. আমিনুল ইসলাম : না। ভূগর্ভে গ্যাসের উপস্থিতি প্রমাণিত হওয়া, গ্যাসক্ষেত্র আবিষ্কার করা এবং সেই গ্যাস বাণিজ্যিকভাবে উৎপাদন করা- তিনটি আলাদা বিষয়।
কোনো স্থানে গ্যাস পাওয়া গেলেও এর পরিমাণ, উৎপাদনক্ষমতা, কূপ খননের ব্যয়, অবকাঠামো নির্মাণ, পরিবহনব্যবস্থা, বাজারমূল্য এবং চাহিদা বিবেচনা করতে হয়। অনেক সময় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পরও দুর্গম অবস্থান, পাইপলাইনের অভাব কিংবা অতিরিক্ত উৎপাদন ব্যয়ের কারণে সেটিকে বাণিজ্যিকভাবে উন্নয়ন করা সম্ভব হয় না। ফলে সেই সম্পদ দীর্ঘদিন ভূগর্ভেই থেকে যায়।
প্রশ্ন : বাংলাদেশের মতো আমদানিনির্ভর জ্বালানি অর্থনীতিতে দেশীয় গ্যাস অনুসন্ধানের গুরুত্ব কতটুকু?
ড. আমিনুল ইসলাম : বাংলাদেশের জন্য দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনুসন্ধানের অর্থনৈতিক মূল্যায়ন শুধু তাৎক্ষণিক মুনাফার ভিত্তিতে করা উচিত নয়। একটি অনুসন্ধান প্রকল্পের সরাসরি আর্থিক লাভের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়, জ্বালানি সরবরাহের নিরাপত্তা, কর্মসংস্থান, প্রযুক্তিগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুবিধাও বিবেচনায় নিতে হবে।
তেল-গ্যাস শুধু বাণিজ্যিক পণ্য নয়; এটি কৌশলগত জাতীয় সম্পদ। আন্তর্জাতিক বাজার, ভূরাজনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং সরকারি নীতির ওপর এর অনুসন্ধান ও উৎপাদনের সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করে।
যুক্তরাষ্ট্রে শেল অয়েল ও শেল গ্যাস উৎপাদনের প্রযুক্তিগত অগ্রগতি দেশটির জ্বালানি উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থানে বড় পরিবর্তন এনেছে। বাংলাদেশকেও নিজস্ব ভূতাত্ত্বিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতা বিবেচনা করে দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল নির্ধারণ করতে হবে।
প্রশ্ন : ইনানির ঘটনা সামনে আসার পর বাপেক্সের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের ভূমিকা কী হওয়া উচিত?
ড. আমিনুল ইসলাম : কোনো স্থানে আকস্মিক গ্যাস উদ্গিরণ ঘটেছে বলে জাতীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ করা যুক্তিসংগত নয়। বরং এ ধরনের ঘটনা নতুন ভূতাত্ত্বিক তথ্য সরবরাহ করে, যা ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা মূল্যায়নে কাজে লাগতে পারে।
একটি অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু গ্যাস আবিষ্কার করা নয়। সম্ভাবনাময় ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা, অনুসন্ধানের ঝুঁকি মূল্যায়ন করা, কূপ খনন করা এবং আবিষ্কৃত সম্পদের উন্নয়নে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করাও তাদের কাজ। তবে জাতীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা অবশ্যই থাকতে পারে। কোথায় অনুসন্ধান হয়েছে, কোথায় হয়নি, কেন হয়নি, কী ধরনের তথ্য পাওয়া গেছে এবং ভবিষ্যতে কী করা উচিত- এসব প্রশ্নের স্বচ্ছ ও তথ্যভিত্তিক উত্তর দিতে হবে। সমালোচনার উদ্দেশ্য হওয়া উচিত প্রতিষ্ঠানকে দুর্বল করা নয়; বরং আরো দক্ষ ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা।
প্রশ্ন : বিদেশী কোম্পানির অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের পক্ষে আধুনিক তেল-গ্যাস অনুসন্ধান কতটা সম্ভব?
ড. আমিনুল ইসলাম : বিদেশী কোম্পানির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তারা বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। তবে তাদের ব্যবসায়িক মুনাফার প্রত্যাশা থাকাটাও স্বাভাবিক। তাই উৎপাদন অংশীদারত্ব চুক্তি বা পিএসসির আওতায় ব্যয় পুনরুদ্ধার, মুনাফা বণ্টন এবং অন্যান্য আর্থিক শর্ত যথাযথভাবে নির্ধারণ ও পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি।
দুর্বল চুক্তি, অপর্যাপ্ত তদারকি কিংবা অযৌক্তিক ব্যয় অনুমোদনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা কমে যেতে পারে। বিদেশী কোম্পানির সাথে দর-কষাকষিতে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবস্থাপনাগত সক্ষমতা থাকতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিদেশী বিনিয়োগ ও প্রযুক্তির সুযোগ গ্রহণ করা, কিন্তু একইসাথে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশ্ন : এ ক্ষেত্রে মালয়েশিয়ার পেট্রোনাসের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কতটা শিক্ষণীয়?
ড. আমিনুল ইসলাম : মালয়েশিয়ার পেট্রোনাসের অভিজ্ঞতা অবশ্যই শিক্ষণীয়। দেশটি বিদেশী বিনিয়োগ ও প্রযুক্তির সুযোগ গ্রহণের পাশাপাশি নিজস্ব জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করেছে।
বাংলাদেশেও বাপেক্স, বিজিএফসিএল, এসজিএফএল, পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগতভাবে শক্তিশালী করতে হবে। বিদেশী কোম্পানি কাজ করবে, কিন্তু সেই কাজের অভিজ্ঞতা, প্রযুক্তি ও জ্ঞান আমাদের নিজস্ব জনবলের মধ্যেও স্থানান্তরিত হতে হবে। বিদেশী প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে জাতীয় সক্ষমতা দুর্বল রাখা কোনো দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।
প্রশ্ন : জাতীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন?
ড. আমিনুল ইসলাম : প্রথমত, আধুনিক সিসমিক প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, বেসিন মডেলিং, রিজার্ভার ক্যারেক্টারাইজেশন, স্ট্যাটিক ও ডাইনামিক রিজার্ভার মডেলিং, ড্রিলিং প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করতে হবে।
এর পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক সফটওয়্যার, গবেষণাগার এবং আন্তর্জাতিক প্রযুক্তি হস্তান্তরের জন্য পরিকল্পিত বিনিয়োগ প্রয়োজন।
তবে শুধু প্রযুক্তি ও অর্থায়ন যথেষ্ট নয়। দক্ষ নেতৃত্ব, সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ও অপরিহার্য।
প্রশ্ন : বাপেক্সসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও জবাবদিহির ক্ষেত্রে কী ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন?
ড. আমিনুল ইসলাম : সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্বে নিয়োগ দিতে হবে। যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতাকে মূল্যায়নের প্রধান ভিত্তি করতে হবে। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনা জাতীয় প্রতিষ্ঠানের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
একইসাথে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। তবে আর্থিক জবাবদিহি, পরিবেশগত নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে।
জাতীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার অর্থ শুধু তাদের বাজেট বাড়ানো নয়; বরং তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা।
প্রশ্ন : সবশেষে, ইনানির ঘটনা থেকে বাংলাদেশের জ্বালানি নীতিনির্ধারকদের জন্য আপনার প্রধান বার্তা কী?
ড. আমিনুল ইসলাম : ইনানির গ্যাস উদ্গিরণ আমাদের সামনে নতুন অনুসন্ধানের সম্ভাবনা তুলে ধরেছে। একইসাথে তেল-গ্যাস অনুসন্ধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগও সৃষ্টি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আবেগনির্ভর সিদ্ধান্ত কিংবা অযৌক্তিক অভিযোগের পরিবর্তে বৈজ্ঞানিক অনুসন্ধান, যথাযথ মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেয়া উচিত।
দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের একক স্বার্থের বিষয় নয়। এটি জাতীয় দায়িত্ব। আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, বিজ্ঞানী ও প্রকৌশলীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করুন এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি স্বনির্ভর ও টেকসই জ্বালানি খাত উত্তরাধিকার হিসেবে পাক- এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত প্রত্যাশা।
প্রাকৃতিক সম্পদ থাকা একটি সম্ভাবনা, সেই সম্পদ আবিষ্কার করা একটি বৈজ্ঞানিক অর্জন, আর সেই সম্পদকে জনগণের কল্যাণে কাজে লাগানোই হলো দক্ষতা, সুশাসন ও জাতীয় নেতৃত্বের প্রকৃত সাফল্য।
আবেগ নয়, বিজ্ঞান; অভিযোগ নয়, তথ্যপ্রমাণ; ব্যক্তিস্বার্থ নয়, জাতীয় স্বার্থ- এই নীতির ভিত্তিতেই বাংলাদেশের তেল-গ্যাস খাতকে এগিয়ে নিতে হবে।

Advertisement