এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেন : পিআইডি।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে সংসদের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নিজ নিজ এলাকার সমস্যা ও জনদুর্ভোগ সম্পর্কে খোঁজখবর রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ ভবনের ৯ম তলায় সরকারি দলের সভাকক্ষে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়ে ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে বিশৃঙ্খলা করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। পরাজিত গোষ্ঠীকে মোকাবেলা করতে নিজের সংসদীয় এলাকায় প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকতে হবে, তবে অরাজকতা ও বিশৃঙ্খলা করে নয়। সাংগঠনিকভাবে এমপি ছাড়াও দলের অন্য সদস্যদের সারা দেশে মাঠে ময়দানে উপস্থিত থাকতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকতে হবে। রাজপথ কাউকে ছেড়ে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরাজিত শক্তির বিশৃঙ্খলা মোকাবেলা করতে হবে।
বৈঠকে সব দলীয় এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার নির্দেশ দেন। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা।
বৈঠকে অংশ নেয়া সংসদ সদস্যদের সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও করণীয় নিয়েও মতবিনিময় করেন তারা।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী এলাকায় এমপিদের নিয়মিত উপস্থিতি এবং স্থানীয় জনগণের সাথে যোগাযোগ বজায় রাখার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে প্রধানমন্ত্রী এমপিদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়েও নির্দেশনা দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারি দলের সব সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সাথে সংসদের দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার কথাও বলেছিলেন। গত রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। ওই আদেশে দেশের বাইরে অবস্থানরত সরকারি দলের এমপিদের দ্রুত দেশে ফিরে অধিবেশনে যোগ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের এমপিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বুধবারের বৈঠকটি চলতি অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় বৈঠক।