নিয়ন্ত্রণহীন গোপালগঞ্জ উত্তপ্ত পরিস্থিতি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয় : নয়া দিগন্ত।
  • রামদা-কুড়াল নিয়ে মহড়া
  • থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন
  • পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত
  • ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, বন্ধ বিশ^বিদ্যালয়
  • ভান্ডারিয়ায় বাসে আগুন, হেলপারের মৃত্যু
  • রাজশাহী, বাসাইল ও দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
     

থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা ও আতঙ্ক। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ও বিজিবির সাঁজোয়া যান পুড়িয়ে দেয়ার পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সাত স্থানে সড়ক অবরোধ ও রামদা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার মধ্যে কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়েছে; হামলা হয়েছে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েন করা হলেও কাটেনি উত্তেজনা। বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ^বিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। একের পর এক সহিংস ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন।
এদিকে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা গেছেন একটি বাসের হেলপার। রাজশাহী, টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে এক বিএনপি নেতার বাড়িতে। নাজিরপুরে পাঁচটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এগুলোর মধ্যে জামায়াত ও যুবদল নেতাদের দোকানও রয়েছে। রংপুরে আগুন দেয়া হয়েছে এক জুলাইযোদ্ধা ও যুবদল নেতার কোচিং সেন্টারের বাসে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে সহিংসতার সূত্রপাত। এর জেরে রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজন ও স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়ে হামলাকারীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় বিজিবির সাঁজোয়া যানসহ একাধিক গাড়িতে আগুন দেয়া হয়।
এরপর গতকাল বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে অবরোধ করা হয়। সড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। কোথাও কোথাও মাইকে প্রচার করা হয় শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। অন্য দিকে কাশিয়ানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। একই উপজেলায় বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন : স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশের এলাকা থেকে কয়েকজন তরুণকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছিলেন বলে দাবি করা হচ্ছে। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন তরুণকেও আটক করা হয়। তাদের মুক্তির দাবিতে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার দিকে যান। পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলার একপর্যায়ে গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
বুধবার সকালে থানায় গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন কক্ষ ও আঙিনায় ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও প্রয়োজনীয় সরঞ্জামের ধ্বংসাবশেষ। কর্মকর্তাদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও পুলিশ সদস্যদের ব্যারাকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। হাজতখানার দু’টি কক্ষের তালা ভাঙা এবং দরজা খোলা দেখা যায়।
সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন : থানায় হামলার পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে যান। সেখানে প্রথমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, পরে অগ্নিসংযোগ করা হয়। তার বাড়ির পাশাপাশি আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘরেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, রাত আনুমানিক আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের চার থেকে পাঁচ শ’ নেতাকর্মী মিছিল নিয়ে তাদের বাড়িতে আসেন। প্রথমে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়া হয়। তার অভিযোগ, ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। একই রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের স্বজনদের আরো কয়েকটি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
বিভিন্ন স্থানে অবরোধ, অস্ত্র নিয়ে মহড়া : মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অবরোধ বুধবারও অব্যাহত থাকে। সকাল থেকে নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধকারীদের অবস্থান দেখা যায়। সড়কে গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ির ধ্বংসাবশেষ ফেলে যান চলাচল বন্ধ করে রাখা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগাতী বাজারে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে মহড়া দিতে দেখা যায়। গিমাডাঙ্গা ও কুশলী এলাকাতেও একই ধরনের মহড়া ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন অবরোধকারীদের কয়েকজন।
অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেয়া হচ্ছে। তাদের ভাষ্য, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে তারা মাঠে রয়েছেন।
অবরোধের কারণে নীলফা বাজার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। এতে টুঙ্গিপাড়ার সাথে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে বিজিবির পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষও পড়ে থাকতে দেখা গেছে।
কাশিয়ানীতে পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত : টুঙ্গিপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আবু আলম বরগুনা পুলিশ লাইনসে কর্মরত। সেখান থেকে এসে কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন। তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
একই দিন বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং একটি দোকানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন।
২১ প্লাটুন বিজিবি, বন্ধ বিশ^বিদ্যালয় : সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে নতুন করে ১১ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ স্থানে সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দফতরে মনিটরিং সেলও কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ১৮ ও ১৯ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ^বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া জেলার কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আতঙ্কে সাধারণ মানুষ, থমথমে পরিস্থিতি : বুধবার জেলা শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকলেও সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা গেছে। রিকশা, ভ্যানসহ কিছু যানবাহন চলাচল করেছে। তবে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় জনসমাগম ছিল কম। সড়ক অবরোধের কারণে পরিবহন চলাচল ও স্থানীয় মানুষের আয়-রোজগার ব্যাহত হয়েছে। টুঙ্গিপাড়ার এক ভ্যানচালক বলেন, ‘রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। আমরা বসে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উপার্জন বন্ধ।’
এ দিকে বুধবার সকালে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেখা গেছে। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল বের করেন। জেলা শহরে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে আদালত বর্জন ও বিক্ষোভ করেন।
আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ‘ভয়ে আছি। কখন কী হয়, বুঝতে পারছি না।’ এ দিকে বুধবার সকালে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন জি এম সরফরাজ। সহিংসতার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ভান্ডারিয়ায় ২ বাসে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, পুড়ে অঙ্গার হেলপার
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে প্রাণ হারিয়েছেন ঘুমিয়ে থাকা এক হেলপার। বুধবার ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার সময় জয় বাংলা স্লোগান শোনা গেছে বলেও দাবি করেন স্থানীয়রা। জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে গিয়ে বাস দু’টিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, জয় বাংলা স্লোগান
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পরপর দু’টি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ ঘটনা ঘটায়। এতে ভবনের নিচতলার দু’টি জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয়গুলো লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ছে। এ সময় তাদের সাথে থাকা আরো অন্তত দু’জন ভিডিও ধারণ করেন। তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ ক ম শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দু’টি পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়। ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং বাইরে একজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আগুন দেখতে পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এ সময় পরপর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাফতরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদের কোনো ক্ষতি হয়নি।
ওসি আরো বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
বাসাইলে গ্রামীণ ব্যাংকে আগুন
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচতলার দরজায় পেট্রল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এসময় ব্যাংকের নাইটগার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে ভবনটির দু’টি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।  গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: বাবুল মিয়া বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, গ্রামীণ ব্যাংকের সামনের গেটে বোতল দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দেলদুয়ারে পুড়ল গ্রামীণ ব্যাংক
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় পেট্রল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা। 
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন দেখতে পান। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।  দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রল ঢেলে আগুন জ্বালিয়েছিল। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈরে নাশকতার পরিকল্পনা, আটক ৫
বাসস জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতভর উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধারসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বিপ্লব, মান্নান, ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদার।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রাতের অভিযানে পেট্রলবোমা ও ককটেলসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন 
রংপুর ব্যুরো জানায়, রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা ও যুবদল নেতার মালিকানাধীন ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বাসটিতে আগুন দেয় তারা। বাসটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের। দূরবর্তী শিক্ষার্থীদের ওই বাসেই প্রতিদিন আনা-নেয়া করত কর্তৃপক্ষ। 
কোচিং সেন্টারটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আামার কাছে কাছে খবর আসে পর্যটন মোটেলের বিপরীতে সিদ্দিকিয়া বিশ^ ইসলাম মিশনের সামনে পার্কিংয়ে থাকা তাদের শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওরে ঘটনাস্থলে আসে। তারা আগুন নিভিয়ে ফেলে। এর মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। 
রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল মাহমুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে বাশির সবকিছু পুড়ে গেছে। বাকিটুকু আমরা পুলিশের সহযোগিতায় নিভিয়ে ফেলি। প্রাথমিক তদন্ত চলছে। কে বা কারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে।  রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক তৈরির জন্য আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন দেয়ার চেষ্টা 
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে পেট্রল ঢেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তবে তখন আমিনুর রহমান চৌধুরী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। 
আমিনুর রহমান চৌধুরী জানান, বাড়ির কাছে পুকুর পাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে এগিয়ে আসতেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাড়ির দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দিলেও গাছের দরজায় আগুন লাগার আগেই আমার ভাইয়ের শ্যালক পৌঁছাতে পারায় বড় দুর্ঘটনা ঘটেনি। বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, নাশকতামূলক কর্মকাণ্ড করে কেউ ছাড় পাবে না। এ ঘটনার সাথে কারা জড়িত তা শনাক্তের কাজ চলছে।
নাজিরপুরে পাঁচ দোকানে আগুন, ইউপি কার্যালয়েও চেষ্টা
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দেয়ার চেষ্টা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী বাজারের পাঁচটি দোকানে আগুন দেয়া হয়। 
স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সদর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মোস্তফা মাঝি, যুবদল নেতা আরাফাত মাঝি, শাহিন ভূইয়া ও সামাদ মাঝির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানগুলোয় মুদি, মনোহরি, পার্টস ও গ্যারেজ রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দাবি করা হয়। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীতে কিভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পেট্রলবোমা-ককটেল নিয়ে ঝটিকা মিছিল
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, পাশের জেলা ময়মনসিংহ থেকে গাজীপুরে এসে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরো তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে পেট্রলবোমা নিক্ষেপ ও ঝটিকা মিছিলের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পাঁচটি পেট্রলবোমা, পাঁচটি ককটেল এবং বিস্ফোরিত পেট্রলবোমার আলামত জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) ও কালিয়াকৈর ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)। পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় দায়িত্ব পালনের সময় ৬০ থেকে ৭০ জনের একটি দল সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ইবনে সিনা কারখানার সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এসময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ওসি মো: শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে পাঁচটি পেট্রলবোমা, পাঁচটি ককটেল ও বিস্ফোরিত পেট্রলবোমার আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদনসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
শিল্পাঞ্চল ঘিরে উদ্বেগ : গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা-ভাঙচুরের অভিযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে পাশের জেলা থেকে আসা যুবলীগের দুই উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাসহ পাঁচজনের বিস্ফোরকসহ গ্রেফতারের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। তারা স্থানীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন কি না, কিংবা শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা ছিল কি না- তদন্তে এসব বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগের চেষ্টা
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল নগরের দু’টি স্থানে ভোররাতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে পৃথক ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এরিয়া ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি জহিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement