সংক্ষিপ্ত সংবাদ

শতাধিক কৃত্রিম হাত-পা সংযোজন

Advertisement

দুর্ঘটনায় বা জন্মগতভাবে হাত-পা হারিয়ে অনেকের জীবন থমকে গেছে। এমন শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা প্রায় ৩০০ আগ্রহী ব্যক্তির মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে শতাধিক মানুষকে বিনামূল্যে কৃত্রিম হাত-পা সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। আকিজ ইনসাফ গ্রুপের প্রতিষ্ঠান ‘নতুন কদম’-এর কারিগরি সহায়তায় এবং জনতার দলের সহযোগিতায় আদিতমারীতে এ কার্যক্রম শুরু হয়। এর আগে অনেকেই আর্থিক অসচ্ছলতার কারণে কৃত্রিম অঙ্গ লাগাতে পারেননি। বিনা খরচে এই সুযোগ পেয়ে তারা নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন। নতুন কদমের হেড অব অপারেশন নাজমুল হক জানান, প্রতিটি কৃত্রিম হাত-পা সংযোজনে ৪০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয় এবং পুরো খরচ প্রতিষ্ঠানটি বহন করছে। জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, লালমনিরহাটে পাঘাতগ্রস্ত ও অঙ্গ হারানো মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।

প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে এবং অভিযুক্ত শরিফ মিয়া একই এলাকার তাজু মিয়ার ছেলে। পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে একমাত্র কন্যা সুমাইয়াকে নিজের কাছে নেয়ার চেষ্টা করছিলেন শরিফ। কিন্তু কন্যাকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় সুখিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। এরই জেরে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করেন শরিফ। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।

আদমদীঘিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব

বগুড়ার আদমদীঘিতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে। কালের বিবর্তনে নবান্ন উদযাপনের ধরনে পরিবর্তন এলেও এর আনন্দ কমেনি। আগের দিনে পিঠাপুলির পাশাপাশি এখন মেলায় বিভিন্ন গোশতের সমারোহ যুক্ত হয়েছে। উপজেলার শালগ্রাম, কালাইকুড়ি, সাগরপুরসহ বিভিন্ন গ্রামে উৎসবকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের সমাগম ঘটে। গ্রামীণ জনপদের ঘরে ঘরে রান্নার সুবাস ছড়ায় এবং মোড়ে মোড়ে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। প্রবাসে থাকা স্বজনদের পাঠানো টাকায় এবার নবান্নের উৎসব আরো জাঁকজমকপূর্ণ হয়েছে। শালগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদার জানান, নবান্ন কোনো নির্দিষ্ট ধর্মের নয়; এটি বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। পূর্বপুরুষদের এই সুমহান ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এলাকার যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে বিভিন্ন উৎসবমুখর কর্মসূচি পালন করেছেন। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

ফ্যামিলি কার্ড অবহিতকরণ সভা

রাষ্ট্রীয় প্রকল্প ফ্যামিলি কার্ড সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। ইউএনও শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা জাহিদুল আলমের পরিচালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কোনো দলীয় বা ব্যক্তিগত উদ্যোগ নয়; এটি দেশের দরিদ্র মানুষের ন্যায্যমূল্যে নিত্যপণ্য ক্রয়ে সহায়তা করার একটি রাষ্ট্রীয় প্রকল্প। এর সফল বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক দল এবং সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের যথাযথ প্রশিণ দেওয়া হয়েছে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিখুঁতভাবে তালিকাভুক্তকরণের কাজ সম্পন্ন করা যায়। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ডা. এস এ ফারুকের ব্যক্তিগত উদ্যোগে এবং লায়ন্স কাব ও দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী চলা এই কার্যক্রমে পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা ও লাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়। এছাড়া প্রায় এক হাজার ৪০০ রোগীর রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চোখের অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে ২০০ রোগীকে বাছাই করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্যই এই দীর্ঘমেয়াদি মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। মিরসরাইয়ের পাশাপাশি ফটিকছড়িতেও নিয়মিত এ ধরনের সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ রোগীরা। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

আসামি আ’লীগের ২৩ নেতাকর্মী

নাটোরের বড়াইগ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বনপাড়া পৌরসভার সাবেক মেয়রসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী বিএনপি কর্মী ও ব্যবসায়ী বয়েন উদ্দিন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। জানা যায়, ২০১০ সালের ২৮ নভেম্বর আসামিরা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে এবং মৃত ভেবে পুকুরে ফেলে দেয়। বিগত রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন মামলা করা সম্ভব হয়নি বলে বাদি জানান। বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিতে ন্যায়বিচারের আশায় তিনি এই মামলা করেছেন। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার সত্যতা যাচাই করে  আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।

দোহারে সার ও বীজ পেল কৃষক

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে রবি মৌসুমে তিন হাজার ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো: মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শরীফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকদের লাভবান করতে সরকার কৃষিপণ্যে প্রণোদনা দিয়ে যাচ্ছে। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার তিন হাজার কৃষকের মধ্যে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং এক কেজি করে তেল বীজ প্রদান করা হয়। দোহার (ঢাকা) সংবাদদাতা।