
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের ১৫ দিনের আলটিমেটামেও তাদের কাজ; বরং প্রশাসনের অভিযান শেষে কয়েক দিনের মধ্যেই ফের চালু হচ্ছে কারখানাগুলো। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক অবৈধ চুনা ও ঢালাই কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় সরকারি গ্যাসলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে উৎপাদন চালানো হচ্ছে। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে কারখানাগুলো পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তিতাস কর্তৃপক্ষ।
গত ২৯ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধে প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দেন। তিনি বলেন, এসব কারখানার কারণে সরকার ও দলের ভাবমর্যাদা ক্ষুণœ হচ্ছে। তিতাস কর্তৃপক্ষ আন্তরিক হলে সহজেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো বন্ধ করতে পারে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কার্যকর অগ্রগতি দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, জুলাইবিপ্লবে রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও পৌর এলাকায় এসব কারখানার সংখ্যা আরো বেড়েছে। পৌরসভার দুলালপুর, তাজপুর, লাহাপাড়া, ইছাপাড়া, দীঘিরপাড় ও দৈলেরবাগ এবং পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কারখানা গড়ে উঠেছে। মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী, বন্দেরা ও ইউছুফগঞ্জেও রয়েছে একাধিক কারখানা। তিতাস সূত্র জানায়, এসব কারখানায় প্রতি মাসে প্রায় তিন লাখ ৩৩ হাজার ৩০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার হচ্ছে। এতে মাসে এক কোটি টাকার বেশি রাজস্বের ক্ষতি হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারের কারণে আশপাশের শিল্পকারখানায় গ্যাসের চাপ কমে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে স্থানীয় শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নিয়মিত অভিযান চালিয়ে কারখানা গুঁড়িয়ে দেয়া এবং মামলা করেও সেগুলো বন্ধ করা যাচ্ছে না। মালিকদের সাথে যোগসাজশ কিংবা অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








