
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় কানিজ ফাতিমা (নাম) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিকের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মায়ের করা মামলায় অভিযান চালিয়ে রাতেই আশিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাসানুজ্জামান আশিক উপজেলার বাসাচাড়া গ্রামের মরহুম এবাদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর মহাদেবপুরের বাগাচারা এলাকার কানিজ ফাতিমার সাথে আশিকের বিয়ে হয়। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে কর্মস্থলে যোগ দেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। স্বামীর বিরুদ্ধে অন্য এক নারীর সাথে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগও করেন কানিজ। এ নিয়ে প্রতিবাদ করলেই তাকে নির্যাতনের শিকার হতে হতো। চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কানিজকে মারধরের অভিযোগ ওঠে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








