
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
দাঁতের চিকিৎসা নিতে গিয়ে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। আধুনিক সাজসজ্জা ও চিকিৎসার সরঞ্জাম থাকলেও স্বাস্থ্য বিভাগের অনুমোদন, বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ও প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। বরিশালের উজিরপুরে এভাবেই চলছে ১০টি ডেন্টাল ক্লিনিক। উপজেলার ১৯টি ক্লিনিকের মধ্যে এসব প্রতিষ্ঠানের নাম নেই জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায়। ভুল চিকিৎসায় দাঁত হারানোর অভিযোগও করেছেন রোগীরা। সরেজমিন দেখা গেছে, হারতা, শোলক, সাতলা ও শিকারপুর এলাকায় অনুমোদনহীন ক্লিনিকের উপস্থিতি বেশি। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। বাহ্যিক সাজসজ্জা দেখে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই চিকিৎসকের যোগ্যতা ও প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে জানেন না।
অনুমোদনহীন ক্লিনিকগুলো হলো- হারতা বন্দরের মা ডেন্টাল কেয়ার, ধামুরা বন্দরের মোল্লা ডেন্টাল, সাতলার মিঠু ডেন্টাল, জল্লার শিখা ডেন্টাল ও মামনি ডেন্টাল, বড়াকোঠার ডাবেরকুল বাজারের ইসলামিয়া ডেন্টাল, ওটরার মাহাতাব ডেন্টাল, বামরাইলের জহুরা ডেন্টাল, শিকারপুরের জয়শ্রী বাসস্ট্যান্ডের শাহরা ডেন্টাল এবং গুঠিয়ার অনন্যা ডেন্টাল কেয়ার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীম আক্তার বলেন, গত বছরের জুলাইয়ে কয়েকটি অনুমোদনহীন ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। কিছু বন্ধ হলেও অন্যগুলো চালু রয়েছে। তদন্তে একটি ক্লিনিকেরও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








