রাজবাড়ীতে ট্রাক থেকে ১১ গরু লুট, আহত ২

রাজবাড়ী প্রতিনিধি

Advertisement

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে গরুবাহী ট্রাক থামিয়ে ১১টি গরু, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আহত ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার হেলাল গাজী ও মিনহাজ গাজী। তাদের সাথে আরো দু’জন সহকর্মী ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাকটি নিয়ে তারা রাজবাড়ীর পাংশা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের গাড়ির গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নেমে তাদের জিম্মি করে। একপর্যায়ে ডাকাতরা গরুবাহী ট্রাকটি শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে গিয়ে ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নেয়। এ সময় ব্যবসায়ীদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দু’জনকে আহত করে। পরে তাদের ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় গত মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছেন ভুক্তভোগীরা। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। লুট হওয়া গরু ও ট্রাক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’