
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের আসর জমজমাট হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, একটি অসাধু চক্র প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে প্রতিদিন রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়া ও মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। এতে ধ্বংসের মুখে পড়ছে যুবসমাজ, বাড়ছে সামাজিক অস্থিরতা ও অপরাধপ্রবণতা।
স্থানীয়দের তথ্য মতে, খোড়াগাছ ইউনিয়নের বাদিয়ার মোড়, ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগর, বাতাসন হাট ও কদমতলা, বড়বালা ইউনিয়নের কেশবপুর হাটসংলগ্ন এলাকা, মিলনপুর ইউনিয়নের জানকীপুর এবং মির্জাপুর ইউনিয়নের বৈরাতী ও মাঠের হাট এলাকায় এসব আসর নিয়মিত বসছে।
অভিযোগ রয়েছে, এসব জুয়া ও মাদকের আসরে উঠতি বয়সী তরুণ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জড়িয়ে পড়ছেন। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন। নেতিবাচক প্রভাব পড়ছে পারিবারিক ও সামাজিক জীবনে। এ দিকে উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। বুজরুক সন্তোষপুর মরাহাটিনহাটে এমদাদুল হকের শোরুমের ছাদ ভেঙে টাকাসহ মালামাল চুরির ঘটনার দুই দিনের মাথায় একই হাটের মিলন মিয়ার দোকানেও চুরি হয়। এর আগে উপজেলা সদরের আস্থা ফার্মেসি থেকে ১৫ লাখ টাকার ওষুধ ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের আশঙ্কা, জুয়া ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে তরুণদের একটি অংশ অপরাধের দিকে ঝুঁকে পড়বে। তারা এসব আসরের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বলেন, কোন কোন এলাকায় এসব কর্মকাণ্ড চলছে, সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








