
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়িতে শুকনো মৌসুমেও যমুনা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে নদীতীরবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা, রতনপুর ও বানিয়াপাড়া এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় গিয়ে ভাঙনের চিত্র দেখা যায়। নদীতে পানি কম থাকলেও স্রোতের গতি লক্ষণীয়। নদীতীর সংরক্ষণে আগে ফেলা জিওব্যাগগুলো ধসে পড়ছে নদীতে। কোথাও সেগুলোর ভেতর থেকে মাটি ও বালু সরে যাচ্ছে। খেয়াঘাট এলাকায় বালুভর্তি বেশ কিছু জিওব্যাগ মজুদ করে রাখতেও দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই সপ্তাহ আগে থেকে এসব এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে এক সপ্তাহ থেকে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় হঠাৎ ভাঙনের তীব্রতা বেড়ে যায়। অল্প সময়ের ব্যবধানে ভাঙনে তীর রক্ষায় ফেলা জিওব্যাগসহ অন্তত ৫০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। একইভাবে কাটাদ্বারা থেকে কিছুটা দক্ষিণে বানিয়াপাড়ায়ও গত এক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। পানি কমে যাওয়ার সাথে সাথে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। কাটাদ্বারা ঘাট এলাকার বাসিন্দা আলেফ আলী বলেন, ‘নদীভাঙন রোধে সরকার বরাদ্দ দিয়েছে, অথচ ঠিকাদার কাজ করছেন না। বস্তায় বালু ভরে প্রস্তুত করে রাখা হয়েছে। সেলাই করে সেগুলো দ্রুত নদীর ভাঙনকবলিত স্থানে ফেললেই কিছুটা হলেও ভাঙন রোধ করা সম্ভব। কিন্তু ব্যাগগুলো ফেলে না রেখে এক জায়গায় জমা করে রাখা হয়েছে। এভাবে সময়ক্ষেপণ করলে নদী আরো ভাঙবে, আর আমাদের ঘরবাড়ি ও জমিজমা নদীতে চলে যাবে।’একই এলাকার হাজেরা বেগম বলেন, ‘নদীভাঙনে কয়েকবার বসতভিটা হারিয়েছি। গত দুই বছর নদীভাঙন ছিল না। কিন্তু এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে আবারো বাড়িঘর হারানোর ভয় হচ্ছে। চোখের সামনে নদীর পাড় ভেঙে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে আশ্রয় নেব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের দাবি, দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা করা হোক।’
দোকানদার জাকির হোসেন বলেন, ‘একসময় খেয়াঘাটটি নদীর আরো ভেতরে ছিল। ভাঙতে ভাঙতে সেটি বর্তমান জায়গায় এসেছে। সামান্য সময়ের ব্যবধানে জিওব্যাগসহ অন্তত ৫০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। সেদিন যেভাবে ভাঙন চলছিল, তা অব্যাহত থাকলে আজ এখানে ব্যবসা করা সম্ভব হতো না।’ ভাঙন এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘মৌসুমের শেষ দিকে নদীভাঙন শুরু হলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। এখন নদীর পানি অনেকটা নিচে নেমে গেছে। এতে নদীতীরের মাটি সরে যাচ্ছে এবং জিওব্যাগগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। প্রকল্পের কাজ চলমান থাকলেও ভাঙনকবলিত জায়গাগুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলতে হবে। তা না হলে প্রকল্পের কাজ শেষ হলেও অনেকের বসতভিটা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’ স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও ভাঙন ঠেকাতে দৃশ্যমান তৎপরতা নেই। কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙনের তীব্রতা বাড়ার দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও এরপর আর তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। অন্য দিকে প্রয়োজনীয় জিওব্যাগ প্রস্তুত করে রাখা হলেও সেগুলো ঝুঁকিপূর্ণ অংশে ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম বলেন, ‘ভাঙন কবলিত ওই এলাকায় ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু জিওব্যাগ রয়েছে। সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে। ভাঙনকবলিত এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








