নিষিদ্ধ সংগঠন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ
সারা দেশে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন : নয়া দিগন্ত।

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। গতকাল বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানের প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। 
খুলনা ব্যুরো জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না।
সমাবেশে বক্তৃতা দেন প্রোভিসি প্রফেসর ড. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নূরুন্নবী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর শেখ মাহমুদুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. খসরুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. সালাউদ্দীন প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি জানান, দেশব্যাপী অতর্কিত গুপ্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে কোর্ট সেস্টশন এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
ভোলা প্রতিনিধি জানান, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল। সকালে ভোলা সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবগঠিত জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনেন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বুধবার গভীর রাতে ও মঙ্গলবার সন্ধ্যা ৬টায়  প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও  স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদল। সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতীয় বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম। রাঙ্গামাটি পৌর যুবদল নেতা সিরাজুল মোস্তফা, যুবদল নেতা নাজিম উদ্দিন প্রমুখ। 
হাবিপ্রবি প্রতিনিধি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘটে। 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এনামউল্ল্যা, প্রোভিসি অধ্যাপক ড. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার (অতিরিক্ত)  অধ্যাপক ড. আবু হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফারুক হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও  কর্মচারীরা।