রাজনৈতিক বিভাজনে থমকে আছে নিকলী-বাজিতপুরের উন্নয়ন
বাজিতপুরের খানাখন্দে ভরা একটি রাস্তা : নয়া দিগন্ত।

 আলি জামশেদ বাজিতপুর (কিশোরগঞ্জ) 

Advertisement

হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেহাল সড়ক, মাদক ও চুরি, অবৈধ মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্য এবং নাগরিক সেবায় ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে জনমনে। রাজনৈতিক বিভাজন ও সমন্বয়হীনতাকে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ মনে করছেন অনেকে। তবে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকদের দাবি, উন্নয়নের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিকলী-বাজিতপুরের গুরুত্বপূর্ণ সরারচর-নিকলী সদর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। বৃষ্টি হলে গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মইতপুর এলাকায় এক গর্ভবতী নারীকে বহনকারী অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। 
নিকলী সদরে প্রবেশের সড়কগুলো সরু হওয়ায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বুধবার নিকলীর বৃহৎ গরুর হাটের দিন যানবাহনের চাপ বেড়ে দুর্ভোগ চরমে ওঠে। অন্য দিকে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত বাজিতপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে প্রায় দুই যুগ ধরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। জুলাই বিপ্লবের পর পৌরসভার উন্নয়ন কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুই উপজেলায় মাদক কারবার ও সেবন, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ক্রমেই বেড়েই চলেছে। রাজনৈতিক বিভাজন ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় কিছু অসাধু ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়ছেন। এ ছাড়া বাজিতপুরে অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিকলীতে অতিরিক্ত মাটিবাহী ট্রাক চলাচলের অভিযোগ রয়েছে। ট্রাক থেকে সড়কে মাটি পড়ে ধুলা ও কাদার সৃষ্টি হচ্ছে। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারীরা দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। কয়েকটি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি না থাকা এবং নাগরিক সেবা পেতে হয়রানির অভিযোগও করেছেন বাসিন্দারা। তাদের ধারণা, রাজনৈতিক বিভাজন ও সমন্বয়হীনতার কারণেই উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে নিকলী-বাজিতপুর।
নিকলী থানার ওসি মো. ইশতিয়াক আহমেদ বলেন, মাদক কারবারি ও অপরাধীদের তথ্য পেলেই গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আত্মগোপনে থাকা অপরাধীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। আগের তুলনায় নিকলীতে অপরাধ কমেছে বলেও দাবি করেন তিনি।
সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, নিকলী-কিশোরগঞ্জ সড়ক প্রশস্তকরণ ও রোদার পুড্ডা সেতুসহ সংশ্লিষ্ট কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সরারচর-নিকলী সড়কটি এলজিইডির অধীন।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসন সড়ক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।