
মো: জাকিরুল হাসান উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শতবর্ষী পাঁচলিয়া গামছার হাটে একসময় প্রতি হাটে গামছা, সুতা ও রঙের বেচাকেনা হতো তিন কোটি টাকারও বেশি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র দুই কোটি টাকায়। সুতা, রঙ ও অন্যান্য উপকরণের দাম বাড়লেও সেই অনুপাতে বাড়েনি গামছার দাম। ফলে উৎপাদন খরচ পোষাতে না পেরে লোকসানের মুখে পড়ছেন তাঁতি ও ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ পাঁচলিয়া গামছার হাটের বেচাকেনায়।
সপ্তাহের মঙ্গল ও শুক্রবার পাঁচলিয়া হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। তবে আগের মতো বেচাকেনা নেই বলে জানান অনেকেই।
হাট কমিটির ইজারাদার আব্দুল মান্নান জানান, ১৯২২ সালের দিকে পাঁচলিয়া গামছার হাটের যাত্রা শুরু হয়। প্রথমে পাঁচলিয়া ঈদগাহ মাঠে হাট বসত। পরে বদরুল আলম উচ্চবিদ্যালয় মাঠেও এর বিস্তৃতি ঘটে। পাঁচলিয়া, তারুটিয়া, আলোকদিয়া, আমডাঙ্গাসহ আশপাশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁতিরা নিজেদের তৈরি গামছা নিয়ে হাটে আসতেন। পরে কামারখন্দের পাইকোশাসহ উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচির তাঁতিরাও এ হাটের সাথে যুক্ত হন।
তিনি বলেন, একসময় প্রতি হাটে তিন কোটি টাকারও বেশি গামছা, সুতা ও রঙের বেচাকেনা হতো। এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকায়। মঙ্গল ও শুক্রবারের হাটে ১৫০ থেকে ২০০ জন পাইকার আসেন। উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এতে তাঁতিরা আর্থিকভারে সঙ্কটে পড়েছেন।
সিরাজগঞ্জের গামছার সুনাম দেশজুড়ে। পাঁচলিয়া হাটের মাধ্যমে জেলার উৎপাদিত গামছা দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়। আতাইকুলা, সোহাগপুর ও টাঙ্গাইলের বড় গামছার হাটসহ বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে গামছা কেনেন। গামছার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সুতা ও রঙ বিক্রি হয়।
নারায়ণগঞ্জের সুতা ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি সুতার ব্যবসা করছেন। এর মধ্যে ২০ বছরের বেশি সময় ধরে পাঁচলিয়া হাটে ব্যবসা করছেন তিনি। গত এক বছরে প্রতি বান্ডেল সুতার দাম ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। এতে তাঁতিদের উৎপাদন খরচ বেড়ে গেছে।
তিন পুরুষ ধরে এ হাটের সাথে যুক্ত পাঁচলিয়া গ্রামের কল্লোল সরকার। তার দাদা নাজেম সরকার বাড়িতে গামছা তৈরি করে এ হাটে বিক্রি করতেন। পরে তার বাবা আব্দুল হক সরকার ব্যবসার হাল ধরেন। কল্লোল সরকার বলেন, বাবা-দাদার সময়ে ব্যবসা বেশ জমজমাট ছিল। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে লোকসান গুনতে গুনতে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তাদের।
তালগাছি এলাকার ব্যবসায়ী নারায়ণ কুমার বলেন, সুতা ও রঙের দাম বাড়লেও গামছার দাম সে অনুপাতে বাড়েনি। ফলে ব্যবসায়ীরা লাভবান হতে পারছেন না। এভাবে চলতে থাকলে শতবর্ষী হাটটি তার ঐতিহ্য হারাবে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের এ হাটে যাতায়াত সহজ হয়। তবে শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বড় অঙ্কের লেনদেনে সমস্যায় পড়েন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টির দিনেও গামছা ও অন্যান্য পণ্য ভিজে যাওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েন অনেকেই।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, পাঁচলিয়া হাট গামছার জন্য বিশেষভাবে পরিচিত। হাটটির উন্নয়নে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। শেড নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সেটির ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








