
মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স
বেতন বৃদ্ধি, ক্রয়ক্ষমতা রক্ষা, কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজপথ। গত মঙ্গলবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন বড় শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সরকারি-বেসরকারি খাতের কর্মী, শ্রমিক, তরুণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সরকারি হিসাব অনুযায়ী, এ দিনের কর্মসূচিতে সারা দেশে অংশ নিয়েছেন প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল পাঁচ লাখেরও বেশি।
এবারের আন্দোলনের বিশেষ তাৎপর্য হলো, বেতন ও শ্রমিক অধিকারসংক্রান্ত দাবির পাশাপাশি আন্দোলনকারীদের দৃষ্টি এখন ক্রমেই ২০২৭ সালের এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। তাদের বক্তব্য, বর্তমান ক্ষমতাসীনদের পাশাপাশি যিনি আগামী দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তার কাছেও এখন থেকেই শ্রমজীবী মানুষের দাবি ও প্রত্যাশা পৌঁছে দেয়া প্রয়োজন। সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী এবং তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল মিছিলগুলোতে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নেন ১ লাখ ৪৬ হাজার মানুষ। রাজধানী প্যারিসে এই সংখ্যা ছিল ২৮ হাজার। অন্য দিকে দেশটির প্রভাবশালী শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, সারা দেশে পাঁচ লাখের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। সংগঠনটির হিসাবে, শুধু প্যারিসেই অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এক লাখ ৭৫ হাজার।
এবারের বিক্ষোভে তরুণদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ আন্দোলনকে শুধু শ্রমিকদের দাবিদাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বরং ভবিষ্যৎ কর্মসংস্থান, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়গুলোও সামনে নিয়ে এসেছে।
প্যারিসের বুলভার দিদেরো এলাকায় মিছিল শুরুর অপেক্ষায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও আন্দোলনের পরিচিত সঙ্গীতের সুর শোনা যায়। শিক্ষার্থীদের অতীতের আন্দোলনে জনপ্রিয় হয়ে ওঠা সেই গান এবারো বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড ও স্লোগানে জায়গা করে নেয়। এতে আন্দোলনের সাংস্কৃতিক ও প্রজন্মগত ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায়।
ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও লিল, তুলুজ, লিওঁ ও মার্সেইসহ কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। প্যারিসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মিছিল এগিয়ে যায়।
দিনের শেষ পর্যায়ে প্যারিসের প্লাস দিতালিতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে মিছিলের সমাপ্তি ঘটান। সেখানে সঙ্গীতের তালে নাচের মধ্য দিয়ে বিক্ষোভের পরিসমাপ্তি ঘটে। ফলে রাজনৈতিক বক্তব্য ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও সামগ্রিকভাবে কর্মসূচিটি ছিল শান্তিপূর্ণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








