দ্বিতীয় সাজেক হওয়ার হাতছানি মিরিঞ্জা ভ্যালিতে

আরফাত বিপ্লব লামা (বান্দরবান) থেকে ফিরে  
খুব ভোর। চোখ মুছতে মুছতে ঘুম থেকে জাগলেন। হাই তুলতে তুলতে উঠে বসলেন। দাঁড়িয়ে এক পা ফেলে বাইরে গেলেন। আপনি তখন সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৮০০ ফুট উপরে। আপনার সামনে দিগন্তজুড়ে পর্বতমালা আর রাশি রাশি মেঘ। যতদূর দৃষ্টি যাচ্ছে, আপনি অপলক তাকিয়ে আছেন। সে এক অসীম মুগ্ধতা। দূর দিগন্তে সূর্য ওঠার প্রস্তুতি আর লাল রক্তিম আভা। হুমায়ূন আহমেদের গল্পের মতো হারিয়ে গেলেন মেঘের রাজ্যে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে!
এমন একটি অনিন্দ্যসুন্দর ভোর দেখার জন্য আপনাকে যেতে হবে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে। কিছু সময়ের জন্য নাগরিক ব্যস্ততাকে ছুটি দিয়ে চলে যেতে পারেন পাহাড়ের সান্নিধ্যে। যেখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে অর্ধশত কটেজ। কটেজগুলো কাঠের তৈরি। কোনোটার ছাউনি রঙিন টিন দিয়ে আবার কোনোটার ছাউনি ‘ছন’ দিয়ে তৈরি। প্রতি বছর অক্টোবর থেকে বান্দরবানের লামা উপজেলার চোখ জুড়ানো পাহাড় ও মেঘের রাজ্য ‘মিরিঞ্জা ভ্যালি’ রেঞ্জে পর্যটকদের ঢল নামে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ভোরে শুভ্র মেঘের মিতালী, রোমাঞ্চকর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ভিড় জমান এখানে। 
মিরিঞ্জা ভ্যালি ইকো রিসোর্টে এসেছেন চট্টগ্রাম শহরের বাসিন্দা গৃহবধূ সাবরিনা সুলতানা। সাথে তার স্বামী-সন্তান। তার মতে, ভোর বেলায় মিরিঞ্জা পাহাড়ে দাঁড়িয়ে সাজেক ভ্যালির মতো মেঘের ওপর ভেসে বেড়ানোর অপূর্ব অনুভূতি পাওয়া যায়। ভৌগোলিক সুবিধাজনক অবস্থান এবং কক্সবাজার সমুদ্রসৈকতের কাছাকাছি হওয়ায় পর্যটকরা এখন মিরিঞ্জাকে নতুন জনপ্রিয় গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। এতে একই ভ্রমণে পাহাড়ের শান্ত-স্নিগ্ধ প্রকৃতি এবং সমুদ্রসৈকতের রূপ উপভোগের দারুণ সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, পর্যটকদের এই বাড়তি চাপ সামলাতে লামার মিরিঞ্জা ও সুখিয়া পাহাড় এলাকাজুড়ে গড়ে ওঠা অর্ধশতাধিক রিসোর্ট ও কটেজ জমজমাট হয়ে উঠেছে। কটেজের নামগুলোও বেশ সুন্দর। মিরিঞ্জা ইকো রিসোর্ট, মারাইংছা হিল রিসোর্ট, মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, ডেঞ্জার হিল, মেঘ কুঞ্জ, ডিজুড়ি, বেইজ ক্যাম্প, মেঘ মাচাং রিসোর্ট, চুংদারবক রিসোর্ট, সানসেট রিসোর্ট, আগারণ, মিরিঞ্জা হ্যাভেন রিসোর্ট, রয়েল রিসোর্ট, লাতং, পাইংতং রিসোর্ট, অরণ্য রিসোর্ট ও অনন্যা রিসোর্ট। এ ছাড়াও স্থানীয় পাহাড়ি কাঠের কটেজ ও জুমঘরগুলোতে পর্যটকরা আগাম বুকিং নিশ্চিত করে থাকেন। এর ফলে স্থানীয় জনগোষ্ঠী পরিবার ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের আয় বাড়ার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এসেছে বলেও জানিয়েছেন তারা। মিরিঞ্জা ইকো রিসোর্টের মালিক নাজমুল আলম নয়া দিগন্তকে জানান, কিছুদিন আগে পূজার ছুটির প্রথম দুই দিনেই অন্তত পাঁচ হাজার পর্যটক মিরিঞ্জা ও সুখিয়া পাহাড় পরিদর্শন করে গেছেন। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই অঞ্চলে পর্যটকদের ঢল নামে।
দ্বিতীয় সাজেক বলা হয় কেন
সাজেক থেকে যেমন রাশি রাশি মেঘ দেখা যায়, তেমনি মিরিঞ্জা ভ্যালিতেও খুব কাছ থেকে দেখা যায় মেঘের ভেলা। এখানকার প্রধান আকর্ষণ হলো পাহাড় ও মেঘের অসাধারণ মিথস্ক্রিয়া। এই কারণে পর্যটনকেন্দ্রটিকে বর্তমানে দ্বিতীয় সাজেক ভ্যালি হিসেবে অভিহিত করা হয়। অপর দিকে সম্প্রতি সাজেক ভ্যালিতে আঞ্চলিক অস্থিরতার কারণে পর্যটকদের যাওয়া বন্ধ রাখা হয়েছে। এ কারণে অনেকেই মিরিঞ্জাকে সাজেকের বিকল্প হিসেবে বেছে নিচ্ছে।  
অতি উচ্চতার নিঃসীম শূন্যতা উপভোগ করতে করতে সবুজ বনে ঢাকা পাহাড়ি রাস্তা ট্রেকিং করা নিঃসন্দেহে কষ্টসাধ্য। এরই মধ্যে দু-একটি সুদৃশ্য ঝরনা যেন দিয়ে যায় বিস্ময়ের রোমাঞ্চকর পরশ। চূড়ায় ওঠার সাথে সাথেই সেই অনন্ত শূন্যতার সাথে আলিঙ্গনটা যেন এত কষ্টের সার্থকতা এনে দেয়। এর সাথে দৃষ্টিসীমানায় ফেনিল সাগরের দৃশ্য জুড়ে দিলেই তা মিলে যাবে মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ অভিজ্ঞতার সাথে। দ্বিতীয় সাজেক নামে পরিচিত এই জায়গাটি ইতোমধ্যে দেশজুড়ে পর্যটকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। 
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন নারী উদ্যোক্তা নাহিন আলম আন্নি। তিনি নয়া দিগন্তকে বলেন, এই যে মৌসুম শুরু হলো। আমরা দম ফেলানোর সুযোগ পাই না। রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশ থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। একদিনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর সচিবালয় থেকে ৭৭ জনের একটি গ্রুপ এলো আমাদের কটেজে। আমাদের নিজেদের আটটি কটেজ সঙ্কুলান না হওয়ায় অন্য আরো কয়েকটি কটেজ আমরা বুকিং করে দিই। মজার ব্যাপার হচ্ছে, কেউ কেউ এখানে বারবার আসেন। বিশেষ করে ভোরের সূর্যোদয় এবং মেঘের আনাগোনাটা তারা বেশি উপভোগ করেন।  
মিরিঞ্জা ভ্যালির গোড়াপত্তন 
২০০৩ সালে পর্যটনকেন্দ্র হিসেবে গোড়াপত্তন হয় লামার এই ঐতিহ্যবাহী মিরিঞ্জা পাহাড়ের। সরাসরি ভ্যালির ইতিহাস বা এর নামকরণের উৎপত্তি নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের গোড়াপত্তন হয়েছিল ২০০৩ সালের ১৭ সেপ্টেম্বর। এটির আয়তন ধরা হয় প্রায় ১৬ একর। সরকারিভাবে এখানে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স প্রতিষ্ঠা হলেও এর আগে কিছু ট্রেকারের আনাগোনা ছিল। মিরিঞ্জা পাহাড়ের দক্ষিণ প্রান্তের চূড়ায় ইট-পাথরে নির্মাণ করা হয় বিখ্যাত টাইটানিক জাহাজের ভাস্কর্য, যার উদ্বোধন হয় ২০০৫ সালের ১৯ এপ্রিল।
ঢাকা থেকে যেভাবে যাবেন 
মিরিঞ্জা যাওয়ার জন্য প্রথমত রাজধানী ঢাকার রাজারবাগ, ফকিরাপুল বা সায়েদাবাদ থেকে কক্সবাজারের বাস ধরতে হবে। তারপর গন্তব্যের আগেই নেমে যেতে হবে চকরিয়া বা চিরিঙ্গা বাস টার্মিনালে। এ ছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রেলপথে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া যায়। তারপর বাসে করে সরাসরি চকরিয়া বাস টার্মিনাল। অন্য দিকে দ্রুত সময়ে যাওয়ার জন্য ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের ফ্লাইট ব্যবহার করা যেতে পারে। তারপর কক্সবাজার থেকে বাসে করে চকরিয়া পৌঁছাতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। চকরিয়া থেকে লামা-আলীকদম সড়ক ধরে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার সিএনজি, জিপগাড়ি বা লোকাল বাস পাওয়া যায়। এই পরিবহনগুলো লামা-আলীকদম পথে মিরিঞ্জা পাহাড়ের পাশে নামিয়ে দেয়। সেখান থেকে ১০ মিনিট হাঁটার দূরত্বে ভ্যালির অবস্থান। যারা ট্রেকিং করতে ইচ্ছুক তাদের চকরিয়া থেকে চান্দের গাড়িতে করে মুরুম পাড়া পর্যন্ত আসতে হবে। এখান থেকে পাহাড়ি রাস্তা দিয়ে ভ্যালি পর্যন্ত ২০ মিনিটের একটি সহজ ট্রেকিং পথ আছে। চান্দের গাড়িগুলো মিরিঞ্জা পাড়া পর্যন্তও যায়, যেখানে মেইন রোড থেকে ভ্যালি মাত্র ১০ মিনিটের হাঁটা পথ।

Advertisement