আওয়ামী সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেয়া বন্ধ হয়েছিল : সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক  
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে পলাতক আওয়ামী সরকারের সময়ে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দিয়েছিল। গতকাল বুধবার বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত  প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সাথে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।
বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তার কাছে বোধগম্য হয়নি। 
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন।
সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভিতরে থাকে। 
স্বাস্থ্য খাতে পরিবর্তনের ঘোষণা 
অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পলাতক সরকার মানুষকে এমনভাবে দেশের স্বাস্থ্য খাতের অবস্থা তৈরি করেছিল, মানুষকে বাধ্য করা হচ্ছিল কোনো একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য। সে কারণে এই দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ভালোভাবে করে গড়ে তোলা হয়নি, যাতে করে বাংলাদেশের মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। তিনি আরো বলেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে বাংলাদেশের সব উপজেলায়। ৫০ সদস্যের যে হাসপাতাল আছে, এটিকে আগামী পাঁচ বছরে ১৫০ বেডে রূপান্তরিত করা হবে। প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আরো ১০০টি বেড সংযোগ করা হবে। 
কৃষিজমি রক্ষা করেই  উন্নয়ন 
দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে রংপুর অঞ্চলের মতো কৃষিপ্রধান এলাকায় দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
রংপুর নগরীর তীব্র যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবির জবাবে প্রধানমন্ত্রী বলেন, খুব প্রয়োজন হলে আমরা অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করব, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে চাই না। 
মনোরেল চালুর চিন্তা 
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সাধারণ মানুষের যাতায়াত আরো সহজ করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ওপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঢাকার ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল 
রাজধানী ঢাকার যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সিগন্যাল ও এআই ক্যামেরা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ়বিশ্বাস, ইনশা আল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরো উন্নতি হবে। 
রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার
 বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
আবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো। সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। 
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশী শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।
তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশী এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

Advertisement