ছয় মাসেও মেলে না এনআইডি আবেদনের জবাব, বিব্রত সিইসি

 বিশেষ সংবাদদাতা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে নাগরিকদের। আবেদন কোথায় আটকে আছে, কবে মিলবে সেবা- তারও কোনো স্পষ্ট উত্তর নেই। প্রতিদিন এমন অভিযোগই পৌঁছাচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দফতরে। বিষয়টি নিয়ে বিব্রত সিইসি এ এম এম নাসির উদ্দিন। তার স্পষ্ট নির্দেশ, এনআইডি সেবা পেতে নাগরিকদের আর হয়রানির শিকার হতে দেয়া যাবে না। দুর্নীতি ও দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে সেবা মানুষের নাগালে নিয়ে আসতে হবে। দশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন সিইসি। কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকরাও অংশ নেন।
এনআইডি সেবার ভোগান্তি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, প্রতিদিন স্বাক্ষরের জন্য আসা নথির মধ্যে অন্তত ছয়-সাতটি থাকে এনআইডি-সংক্রান্ত। এসব আবেদনের অনেকটিতে দেখা যায়, কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি। বিষয়টি তাকে বিব্রত করে। সংবাদপত্রে যখন এ ধরনের হয়রানির খবর প্রকাশিত হয়, তখন আরো অস্বস্তি বোধ করেন তিনি। সিইসি বলেন, ‘আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।’
শুধু দীর্ঘসূত্রতা নয়, এনআইডি সেবাকে ঘিরে দুর্নীতির অভিযোগ থেকেও মুক্তি চান তিনি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান, কী ধরনের ব্যবস্থা নিলে দুর্নীতি ও হয়রানির সুযোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব। তার বক্তব্য, নাগরিকদের সেবা পেতে যেন অনিয়মের আশ্রয় নিতে না হয়, অযথা এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে না হয়।
আবেদনের জবাব দিতে হবে তাৎক্ষণিক
এনআইডি সেবায় স্বচ্ছতা আনতে আবেদন ব্যবস্থাপনায় পরিবর্তনের ওপর জোর দিয়েছেন সিইসি। তার প্রস্তাব, কোনো আবেদন জমা পড়ার সাথে সাথেই মুঠোফোনে বার্তা পাঠিয়ে আবেদনকারীকে তা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে কি না, প্রয়োজনীয় কাগজপত্রে কোনো ঘাটতি আছে কি না, সেটিও জানাতে হবে। সিইসি বলেন, একজন নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় পড়ে আছে, সেটিও জানতে পারবেন না- এমন ব্যবস্থা চলতে পারে না। প্রতিটি আবেদনের বিপরীতে একটি মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে। এর মাধ্যমে আবেদনকারী পরবর্তী সময়ে নিজের আবেদনের অগ্রগতি জানতে পারবেন। এনআইডি-সংক্রান্ত সমস্যায় এক দফতর থেকে অন্য দফতরে দায় ঠেলে দেয়ার প্রবণতাও বন্ধ করতে চান তিনি। অনেক সময় জন্মনিবন্ধনের ত্রুটি কিংবা শিক্ষাগত সনদের অসংগতির কথা বলে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করা হয়। কিন্তু এভাবে দায়িত্ব এড়িয়ে গেলে নাগরিকসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং তা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, করতে হবে।’
অনলাইন সেবা সবার জন্য সহজ নয়
এনআইডি সেবা পুরোপুরি অনলাইননির্ভর করার ক্ষেত্রে নাগরিকদের বাস্তবতা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন সিইসি। তার মতে, দেশের সব মানুষ প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা সহজ নয়। ফলে শুধু অনলাইন সেবার ওপর নির্ভর করলে অনেক নাগরিক কার্যত সেবার বাইরে থেকে যেতে পারেন। তাদের সক্ষমতা বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখতে হবে।
একইসাথে এনআইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলেও নাগরিকদের সেবা থেকে বঞ্চিত রাখা যাবে না বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, সবাইকে হয়তো স্মার্ট কার্ড দেয়া সম্ভব হবে না। কিন্তু গ্রামের অনেক মানুষ অনলাইন থেকে কার্ড ডাউনলোড করার বিষয়টিও বোঝেন না। তাদের হাতে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে পৌঁছে দেয়া যায়, সে বিষয়ে বিকল্প পথ খুঁজতে হবে। জাতীয় পরিচয়পত্রকে কেবল একটি কার্ড হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের সমস্যারও সমাধান খুঁজে বের করতে হবে। তবে দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না বলেও জানান তিনি। এনআইডি দেয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
ইউপি ভোট শুরু হলেই স্বাভাবিক হবে পরিস্থিতি
এনআইডি সেবার পাশাপাশি দেশের নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সিইসি। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে চায়। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করেন। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। সিইসির প্রত্যাশা, এনআইডি সেবাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে নাগরিকদের নিজেদের অধিকার পেতে হয়রানির শিকার হতে হবে না কিংবা দুর্নীতির আশ্রয় নিতে হবে না। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুধু সমস্যা চিহ্নিত করলেই চলবে না, বাস্তবসম্মত সমাধানও বের করতে হবে।

Advertisement