
কাওসার আজম, তুরস্ক থেকে
- অর্থায়নের নামে নতুন ঋণের বোঝা বাড়ার শঙ্কা
- বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অনুদানভিত্তিক অর্থায়ন
জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিভিন্ন ধনী দেশ ও আন্তর্জাতিক সংস্থা বড় অঙ্কের অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর জন্য সরাসরি অনুদান এখনো অধরা। প্রতিশ্রুতির বেশির ভাগই ঋণ, বেসরকারি বিনিয়োগ ও ভবিষ্যতে অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা। ফলে প্রশ্ন উঠেছে, জলবায়ু সহায়তার নামে ক্ষতিগ্রস্ত দেশগুলো কি নতুন করে ঋণের বোঝায় পড়ছে?
গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া কপ-৩১ সম্মেলনের বাকি আর মাত্র দুই দিন। আগামীকাল শুক্রবার পর্দা নামছে সম্মেলনের। শেষ মুহূর্তে উন্নয়নশীল দেশগুলো ধনী রাষ্ট্রগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। জলবায়ু দূষণের জন্য দায়ী দেশ ও শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের দাবিও জোরালো হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর বক্তব্য, জলবায়ু সঙ্কটের দায় তাদের তুলনামূলক কম। অথচ ক্ষয়ক্ষতি সামলাতে হচ্ছে তাদেরই বেশি। তাই ঋণ নয়, প্রয়োজন ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত অনুদান।
কপ-৩১-এ নতুন অর্থায়নের উল্লেখযোগ্য ঘোষণা এসেছে ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (জিইএফ) বিভিন্ন তহবিলে ডেনমার্ক ৮০০ মিলিয়ন ডেনিশ ক্রোনার এবং দক্ষিণ কোরিয়া ১০ বিলিয়ন কোরিয়ান ওন দেয়ার কথা জানিয়েছে। বেলজিয়াম স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন তহবিলের (এলডিসিএফ) জন্য পাঁচ কোটি ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে। জার্মানি বিশেষ জলবায়ু পরিবর্তন তহবিল (এসসিসিএফ) ও এলডিসিএফের জন্য এক কোটি ৮০ লাখ ইউরো দেয়ার প্রস্তাব করেছে।
এসব অর্থ অনুদানভিত্তিক তহবিলে দেয়ার ঘোষণা এলেও প্রতিশ্রুতি আর অর্থ ছাড় এক বিষয় নয়। কোনো অর্থের ক্ষেত্রে অনুমোদন বাকি, আবার কোনো অর্থ ছাড়ের প্রক্রিয়ায় রয়েছে। ফলে ঘোষিত অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই।
নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার সংগ্রহের একটি সম্মিলিত উদ্যোগ নিয়েছে। তবে এর কতটা সরকারি অনুদান, কতটা ঋণ এবং কতটা বেসরকারি বিনিয়োগ থেকে আসবে, তার পৃথক হিসাব প্রকাশ করা হয়নি। বিশ্বব্যাংক গত মঙ্গলবার ১৭.৬ বিলিয়ন ডলারের একটি অর্থায়ন ও বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ৬.৯ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন এবং বেসরকারি খাত থেকে ১০.৭ বিলিয়ন ডলার আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে।
একই চিত্র দেখা যাচ্ছে জ্বালানি খাতের বড় ঘোষণাগুলোতেও। তুরস্ক ও চীনের নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের চুক্তি, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (ইবিআরডি) তুরস্কে পাঁচ বছরে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা এবং উন্নয়ন ব্যাংকগুলোর সাথে তুরস্কের ৫.১ বিলিয়ন ডলারের চুক্তি মূলত বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন।
এ ছাড়া মিথেন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী গ্যাস কমাতে বিভিন্ন জনহিতকর সংস্থার পক্ষ থেকে ৪৮০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের জলবায়ু সহনশীলতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড ও সংশ্লিষ্ট দেশগুলোর উদ্যোগে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
অর্থায়নের অঙ্ক বড় হলেও সরাসরি অনুদান, ঋণ ও বিনিয়োগের পূর্ণাঙ্গ বিভাজন এখনো স্পষ্ট নয়। এই পার্থক্য আড়াল করে সব প্রতিশ্রুতিকে জলবায়ু অনুদান হিসেবে প্রচার করলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না।
উন্নত দেশগুলোর অর্থায়নে বড় ঘাটতির শঙ্কা : নতুন প্রতিশ্রুতির পাশাপাশি উন্নত দেশগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়নের সক্ষমতা ও সদিচ্ছা নিয়েও উদ্বেগ রয়েছে। জলবায়ু বিষয়ক গবেষণা বলা হয়েছে, ২০২৬ সাল থেকে পরবর্তী কয়েক বছরের জন্য উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি আগের পর্যায়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমেছে। নতুন প্রতিশ্রুতির বার্ষিক গড় প্রায় ১১.৭ বিলিয়ন ডলার। আগের পর্যায়ে তা ছিল প্রায় ৪০ বিলিয়ন ডলার।
যুক্তরাজ্য ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছরের জন্য ছয় বিলিয়ন পাউন্ড জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে আরও ৬.৭ বিলিয়ন পাউন্ড অর্থায়নের কথা জানিয়েছে। ইউরোপীয় কমিশনের ২০২১-২০২৭ মেয়াদের বাজেটে জলবায়ু অর্থায়নের জন্য ২৮ বিলিয়ন ইউরো এবং কানাডার ২০৩০ সাল পর্যন্ত ৫.৩ বিলিয়ন কানাডীয় ডলারের প্রতিশ্রুতি রয়েছে।
কপ-২৯-এ নির্ধারিত লক্ষ্য অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার সংগ্রহের বৃহত্তর লক্ষ্য রয়েছে। তবে এই অর্থের পুরোটাই অনুদান নয়। এর মধ্যে ঋণ, বিনিয়োগ ও বেসরকারি মূলধনও অন্তর্ভুক্ত। তাই অর্থের পরিমাণের পাশাপাশি অর্থায়নের ধরন ও শর্ত নিয়ে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ বাড়ছে।
দ্বিতীয় বৈশ্বিক পর্যালোচনা শুরু : গতকাল বুধবার কপ-৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল প্যারিস চুক্তির দ্বিতীয় বৈশ্বিক পর্যালোচনা বা সেকেন্ড গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা। আনতালিয়ার আকদেনিজ প্লেনারিতে মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ প্রক্রিয়া। এটি চলবে ২০২৮ সালের কপ-৩৩ সম্মেলন পর্যন্ত।
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ নিয়ে মতবিরোধ : চূড়ান্ত রাজনৈতিক চুক্তির সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের ভাষা। গত মঙ্গলবার প্রকাশিত ১৮ পৃষ্ঠার খসড়া চুক্তিতে এ বিষয়ে দু’টি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে। একটি প্রস্তাবে দুবাই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি ব্যবস্থায় ন্যায্য ও সুশৃঙ্খলভাবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা বলা হয়েছে। অন্য প্রস্তাবে এই উত্তরণের গতি আরো বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার ওপকে হোকস্ত্রা পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর ও গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে আরো শক্তিশালী বার্তার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্য দিকে রাশিয়া, সৌদি আরবসহ আরব গোষ্ঠীর কয়েকটি দেশ বাধ্যতামূলক খাতভিত্তিক লক্ষ্যমাত্রার বিরোধিতা করছে। চীনসহ কয়েকটি দেশ প্রেসিডেন্সির পরামর্শ প্রক্রিয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে।
দূষণকারীদের ওপর কর আরোপের দাবি জোরালো : জলবায়ু অর্থায়নের নতুন উৎস তৈরিতে গতকাল বুধবার আলোচনায় এসেছে দূষণকারীদের কাছ থেকে অর্থ আদায় বা সংহতি কর (সলিডারিটি লেভি) আরোপের প্রস্তাব। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের কর্মীরা সম্মেলন কেন্দ্রে বিক্ষোভ করে ক্ষয়ক্ষতি তহবিলে (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) পর্যাপ্ত অর্থ জোগানোর দাবি জানান।
যুক্তরাজ্য দূষণকারী খাতগুলোর ওপর নতুন শুল্ক আরোপের ধারণাকে সমর্থন জানিয়েছে। ফ্রান্স-সমর্থিত একটি টাস্কফোর্স ঘন ঘন বিমান ভ্রমণকারী, বিজনেস ক্লাসের যাত্রী এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর ক্ষুদ্র কর আরোপ করে জলবায়ু তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। এদিন নেপালের তরুণ জলবায়ু কর্মীরা ভুটেকোশি বন্যায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পুনরুদ্ধারের জন্য নতুন ঋণ নিতে বাধ্য করা অন্যায্য। বরং ঐতিহাসিকভাবে বেশি দূষণকারী দেশ ও শিল্পপ্রতিষ্ঠানকে ক্ষয়ক্ষতির অর্থায়নে এগিয়ে আসতে হবে।
সমুদ্র সংরক্ষণেও আন্তর্জাতিক উদ্যোগ : অর্থায়ন ও জ্বালানি নিয়ে দরকষাকষির পাশাপাশি সমুদ্র সংরক্ষণ ও নীল অর্থনীতি নিয়েও বুধবার গুরুত্বপূর্ণ উদ্যোগ এসেছে। ইউরোপীয় ইউনিয়নের মৎস্য ও সমুদ্রবিষয়ক কমিশনার কোস্টাস কাদিস এবং কানাডার সমুদ্র দূত ডায়ানা ফক্স কার্নির যৌথ সঞ্চালনায় ‘ওশানআই ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্বব্যাপী সমুদ্র পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের অঙ্গীকার করা হয়।
আইওসি-ইউনেস্কো ও বিশ্ব আবহাওয়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে আলবেনিয়া, ব্রাজিল, ভারত, পালাউ, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ ৩৩টি সদস্য রাষ্ট্র ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়।
বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অনুদানভিত্তিক অর্থায়ন : কপ-৩১-এর আলোচনায় বাংলাদেশের স্বার্থ সবচেয়ে বেশি জড়িত অভিযোজন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও অনুদানভিত্তিক অর্থায়নের সঙ্গে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় বাঁধ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পানিসম্পদ ও জনবসতি ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে বিপুল অর্থ প্রয়োজন। এসব খাতে ঋণনির্ভর অর্থায়ন বাংলাদেশের ওপর নতুন আর্থিক চাপ তৈরি করতে পারে।
বাংলাদেশের জন্য দ্বিতীয় বৈশ্বিক পর্যালোচনায় উপকূলীয় ক্ষয়ক্ষতি, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, লবণাক্ততা, নদীভাঙন এবং জলবায়ু উদ্বাস্তুদের বাস্তব তথ্য তুলে ধরা জরুরি। এসব তথ্য আন্তর্জাতিক মূল্যায়নে অন্তর্ভুক্ত হলে ভবিষ্যৎ অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবি আরও শক্তিশালী হতে পারে। একই সাথে প্রস্তাবিত ‘আনতালিয়া থেকে আদ্দিস আবাবা রোডম্যাপ’ এবং দূষণকারী খাতের ওপর বৈশ্বিক কর আরোপের উদ্যোগ বাস্তবায়িত হলে ক্ষয়ক্ষতি তহবিলে অর্থের নতুন উৎস তৈরি হতে পারে।
শেষ দুই দিনে বড় পরীক্ষা : বুধবারের আলোচনায় অর্থায়নের প্রতিশ্রুতি ও রাজনৈতিক অগ্রগতির পাশাপাশি মতবিরোধও স্পষ্ট হয়েছে। আজ বৃহস্পতিবার সংশোধিত খসড়া রাজনৈতিক চুক্তি প্রকাশের কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সম্মেলনের সমাপনী অধিবেশনের আগে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের ভাষা, অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিলের অর্থের উৎস এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানের নিশ্চয়তা নিয়ে সমঝোতায় পৌঁছানোই আলোচকদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








