
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের দাফতরিক কার্যালয়ে শতাধিক দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের অন্তত তিনজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। অন্য দিকে এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই দিন বিকেলে পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নাশকতার ঘটনায় পুরো মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার সকাল ও বিকালে এসব ঘটনা ঘটে।
গতকাল সকালে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এবং বিকেল ৫টার দিকে দাঁড়িয়ে থাকা ‘ট্রাস্ট পরিবহন’-এর একটি বাসে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ ভবনে চড়াও হয়। হামলাকারীদের মধ্যে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী অন্তর্ভুক্ত ছিলেন। হামলাকারীরা ভবনটির সামনের কাচের দেয়াল, লিফটের চার পাশের ঘেরাও এবং ভবনে থাকা শফিকুল ইসলাম খান মিল্টনের ছবিগুলো ভাঙচুর করে। এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। হামলার পরপরই ভবনের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেয়া হয় এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সেখানে অবস্থান নেন।
ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা গত এক সপ্তাহ ধরেই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। সে অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা ভবনে অবস্থান করছিলেন।
মামুন পাটোয়ারী অভিযোগ করেন, হঠাৎ হামলা শুরু হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া সত্ত্বেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার দাবি- হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে, কারণ ভবনের অন্যান্য অংশের চেয়ে তাদের কার্যালয়েই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সম্প্রতি ডিএনসিসির পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযান এই হামলার নেপথ্য কারণ হতে পারে বলে তারা ধারণা করছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ভবন সংলগ্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যালয়ে হামলার ঘটনার ঠিক আগের রাতে রাত ১টার দিকে ডিএনসিসির একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের শিকার বাসটি ডিএনসিসির স্টাফ বাস হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পল্লবীতে দাঁড়িয়ে থাকা ‘ট্রাস্ট পরিবহন’ বাসে আগুন : মিরপুর-১৩ নম্বরের হামলার রেশ কাটতে না কাটতেই বিকেলে পল্লবীতে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের সাগুফতা ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে থাকা ‘ট্রাস্ট পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের চালক মো: সাদ্দাম ও কর্মচারীরা বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে কাছেই অবস্থান করছিলেন। এই সুযোগে দুই থেকে তিনজন দুষ্কৃতকারী এসে বাসের পেছনের আসনে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। মুহূর্তে বাসে ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জে ট্রেন, তিনটি বাস ও দু’টি লেগুনায় আগুন
নারায়ণগগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের এক রাতে পৃথক তিনটি স্থানে ট্রেন, তিনটি বাস ও দু’টি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে ও দুইটি লেগুনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে ও চাঁনমারী এলাকায় পার্ক করা লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।
চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান বলেন, ভোরে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী উঠানোর সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। এতে আগুন ও ধোঁয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দর সহযোগিতায় স্টেশনের এল এম শহিদুল ইসলাম আগুন নিয়ন্ত্রণকারী পাউডার দিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছে। স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়। রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দু’টি বাসে আগুন দেয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মো: আলম বলেন, রাত সাড়ে ৩টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে দু’টি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাস দু’টিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দু’টি বাসে ছড়িয়ে পড়ে।
“আমি প্রথমে মনে করছিলাম। রোড ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বইলা যখন চিল্লান দিসি একজন বলতেছে ‘গুল্লি কইরা দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ করল কিনা জানি না, আমি উল্টা দিকে দৌঁড় দিছি।” পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দু’টির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মো: আলম।
বাস দু’টির ভাড়ার টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ মেটাতেন জানিয়ে বাসমালিক শহিদুল আলম বলেন, আমার গাড়ি দু’টি এমপির বাড়ির সামনের এ স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়ে আমার সব শ্যাষ কইরা দিয়া গেছে।” এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: জুলহাস জানান, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
অন্য দিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দু’টি লেগুনায়ও আগুন দেয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








