
- সরকারি প্রতিষ্ঠানের আমানত আটকে আছে সাড়ে ৬ হাজার কোটি টাকা
- অবসায়ন বা একীভূতকরণের সিদ্ধান্ত আসছে
বছরের পর বছর অব্যবস্থাপনা, ঋণ অনিয়ম ও বিপুল আর্থিক লোকসানের কারণে চরম সঙ্কটে পড়েছে পদ্মা ব্যাংক। আর্থিকভাবে অকার্যকর হয়ে পড়া ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণে অবসায়ন অথবা অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে আটকে রয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার ৫০০ কোটি টাকা আমানত। দীর্ঘদিন ধরে চলা পদ্মা ব্যাংকের সঙ্কট নিরসনে আনুষ্ঠানিকভাবে রেজল্যুশন বা সমাধান প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণে অবসায়ন কিংবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে একীভূত করার পথ উন্মুক্ত হলো।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণে একটি রোডম্যাপ তৈরি করা হবে। পরবর্তী সময়ে অবসায়ন নাকি একীভূতকরণ- কোনটি বেশি কার্যকর হবে, তা মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। রেজল্যুশন প্রক্রিয়ার অংশ হিসেবে পদ্মা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে। পাশাপাশি ব্যাংকটির কার্যক্রম পরিচালনা ও পরিস্থিতি তদারকির জন্য একজন প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এক দশকের আর্থিক সঙ্কট
২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক। বেসরকারি খাতে একটি প্রতিযোগিতামূলক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করলেও কয়েক বছরের মধ্যেই ঋণ অনিয়ম, আর্থিক অব্যবস্থাপনা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটি সঙ্কটের পড়ে। আওয়ামী লীগ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে চলা লুটপাটের শিকার ব্যাংকটি এক পর্যায়ে আমানতকারীদের অর্থ ফেরতের সক্ষমতা হারিয়ে ফেলে।
বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে দেখা যায়, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ব্যাংকটি থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এর বড় একটি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ব্যাংকটির ঋণ পরিস্থিতিও অত্যন্ত নাজুক। মোট ঋণের প্রায় ৯০ শতাংশ খেলাপি হয়ে পড়েছে বলে জানা গেছে। বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের কারণে ব্যাংকটির আয় করার সক্ষমতা কমে গেছে। একই সাথে আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আটকে আছে সরকারি প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ কোটি টাকা
পদ্মা ব্যাংকের সঙ্কটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আমানত আটকে থাকা। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংকটিতে জমা রয়েছে। ব্যাংকটি থেকে এসব অর্থ উত্তোলন করতে না পারায় বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান আর্থিক সমস্যার মুখে পড়েছে। এতে সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিকভাবে দুর্বল ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানত রাখার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট অন্যতম। প্রতিষ্ঠানটির পদ্মা ব্যাংকে জমা রয়েছে ৮৭৩ কোটি ৮২ লাখ টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ব্যাংকটি ওই আমানতের বিপরীতে সুদ দেয়াও বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৮০ কোটি টাকা, জীবন বীমা করপোরেশনের ১২৭ কোটি টাকা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৫৫ কোটি টাকা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ২৫ কোটি টাকা ব্যাংকটিতে জমা রয়েছে। সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডসহ আরো কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের আমানতও ব্যাংকটিতে আটকে রয়েছে। এ পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি মূল্যায়ন ও যাচাই-বাছাই করেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরও বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকিতে
পদ্মা ব্যাংকের আর্থিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ২০২৩ সালের শেষ নাগাদ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্মিলিতভাবে পদ্মা ব্যাংকে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল। সঙ্কটাপন্ন ব্যাংকটিকে উদ্ধার এবং এর কার্যক্রমে আস্থা ফিরিয়ে আনতেই এসব বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু ব্যাংকটির ধারাবাহিক লোকসানের কারণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কোনো লভ্যাংশ পায়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ২০১৮ সালে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আইসিবি মিলে পদ্মা ব্যাংকে ৭১৫ কোটি টাকা বিনিয়োগ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির ৬০ শতাংশ শেয়ারের মালিকানা অর্জন করে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করা, আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি আনা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। কিন্তু সেই উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়। খেলাপি ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের প্রচেষ্টাও খুব বেশি সফল হয়নি। ফলে দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে পড়ে থাকে ব্যাংকটি।
নেতৃত্ব নিয়ে বিতর্ক ও তদন্ত
২০১৭ সালে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর পদ্মা ব্যাংকের সুশাসন সঙ্কট প্রকাশ্যে আসে।
তৎকালীন ব্যাংকটির চেয়ারম্যান মুহিউদ্দীন খান আলমগীর এবং অডিট কমিটির চেয়ারম্যান এমডি মাহবুবুল হক চিশতী আর্থিক অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী সময়ে সরকার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। ব্যাংকটির প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে চৌধুরী নাফিজ সরাফাতকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেও ব্যাংকটির অবনতিশীল আর্থিক পরিস্থিতি ঠেকানো সম্ভব হয়নি। ২০২৪ সালের ৩১ জানুয়ারি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন নাফিজ সরাফাত। এরপর সেপ্টেম্বরে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করে। পাশাপাশি ব্যাংক ও দেশের শেয়ারবাজার থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তদন্ত শুরু করে।
একীভূতকরণ নাকি অবসায়ন
বাংলাদেশ ব্যাংকের শুরু করা রেজল্যুশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণে দু’টি বিকল্প সামনে রয়েছে- অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে একীভূতকরণ অথবা আনুষ্ঠানিকভাবে অবসায়ন।
একীভূতকরণ : অন্য কোনো ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংককে একীভূত করা হলে এর বিদ্যমান কার্যক্রম ও ব্যাংকিং সেবা চালু রাখার সুযোগ সৃষ্টি হতে পারে। একই সাথে আমানতকারীদের অর্থ ধীরে ধীরে ফেরত দেয়ার সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। তবে পদ্মা ব্যাংকের বিপুল দায় এবং খেলাপি ঋণের বোঝা অধিগ্রহণকারী ব্যাংকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। ফলে একীভূতকরণের ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি ও দায়ের পরিমাণ সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে।
অবসায়ন : অন্য দিকে, অবসায়নের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে বিদ্যমান সম্পদ ও আদায়যোগ্য অর্থ থেকে আইন অনুযায়ী পাওনাদার ও আমানতকারীদের অর্থ পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে। তবে ব্যাংকটির বিপুল খেলাপি ঋণ এবং অতীতের আর্থিক অনিয়মের কারণে ঋণ আদায় ও অবশিষ্ট সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন হতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সামনে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং সরকারি অর্থের আরো ক্ষতি কমিয়ে আনা। এর আগে বাংলাদেশে বড় ধরনের ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। আর্থিকভাবে দুর্বল পাঁচটি ব্যাংক- এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। পদ্মা ব্যাংকের রেজল্যুশন প্রক্রিয়াও আর্থিকভাবে অকার্যকর ব্যাংক মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।
ব্যাংকিং খাতের সংস্কারের বড় পরীক্ষা
পদ্মা ব্যাংকের সঙ্কট বাংলাদেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। বিশেষ করে দুর্বল করপোরেট সুশাসন, রাজনৈতিক প্রভাবযুক্ত ঋণ বিতরণ, ঋণ মূল্যায়নে ঘাটতি এবং খেলাপি ঋণ আদায়ে ব্যর্থতা এ সঙ্কটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এটি স্পষ্ট হয়েছে যে, কোনো সঙ্কটাপন্ন ব্যাংকে শুধু সরকারি অর্থ বা অতিরিক্ত মূলধন সরবরাহ করলেই তার আর্থিক পুনরুদ্ধার নিশ্চিত হয় না। এর জন্য প্রয়োজন ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন, ঋণ বিতরণে শৃঙ্খলা এবং অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা। আমানতকারী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের জমা অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং অর্থ উদ্ধারে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি ব্যাংকটির মোট অনাদায়ী ঋণের কতটুকু বাস্তবে আদায় করা সম্ভব, দায় পরিশোধের জন্য কী পরিমাণ সম্পদ রয়েছে এবং বিপুল আর্থিক ক্ষতির জন্য কারা দায়ী- এসব বিষয়ও নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








