শহরের বাসে উঠে পড়ল দুই ঘোড়া
শহরের বাসে উঠে পড়ল দুই ঘোড়া।

 নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে যাত্রীবাহী একটি বাসে উঠে পড়ল দু’টি ঘোড়া। গত ৭ নভেম্বরের এ ঘটনায় ঘোড়া দু’টিকে বাসের ভেতর দিয়ে এক দরজা দিয়ে ঢুকিয়ে অন্য দরজা দিয়ে বের করে নেয়া হয়। বাসটি অবশ্য কোথাও যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নেমেছে ডেট্রয়েটের পরিবহন বিভাগ।
স্থানীয় সময় শনিবার বিকেলে শহরের সেভেন মাইল ইস্ট এলাকার স্ট্রাসবার্গ স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, দু’টি ঘোড়ায় চড়ে দুই ব্যক্তি বাসস্টপের কাছে অপেক্ষা করছেন। বাসটি থামলে তারা ঘোড়া থেকে নেমে সেগুলোকে সামনের দরজা দিয়ে বাসে তোলেন। পরে বাসের ভেতর দিয়ে নিয়ে পেছনের দরজা দিয়ে বের করে আনেন। পুরো ঘটনাটি ঘটে অল্প সময়ের মধ্যে।
ঘটনার একটি ভিডিও ধারণ করেন এলেসিয়া ড্রু নামের এক নারী। তিনি গাড়ি চালিয়ে যাওয়ার সময় দৃশ্যটি দেখে থেমে যান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রথম দিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। তবে ডেট্রয়েটের পরিবহন বিভাগ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। পরে বাসের ভেতরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজও প্রকাশ করা হয়।
ঘোড়া দু’টির সাথে থাকা ব্যক্তিদের একজন জর্ডান উইলিয়ামস। তিনি ডেট্রয়েটভিত্তিক সংগঠন আরবান সিটি কাউবয়েজের সহপ্রতিষ্ঠাতা। শিশুদের ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা দেয়ার একটি তহবিল সংগ্রহের আয়োজন শেষে তারা ফিরছিলেন। পথে বাসটি দেখে চালকের কাছে ঘোড়া নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি চান বলে স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউজেডএক্সওয়াইকে জানান উইলিয়ামস।
তার ভাষ্য, ডেট্রয়েটে কৃষ্ণাঙ্গ কাউবয় ও ঘোড়সওয়ারদের উপস্থিতি তুলে ধরতেই এমন ভিডিও করার পরিকল্পনা ছিল। এর আগেও শহরের বিভিন্ন বাসে ঘোড়া নিয়ে উঠেছেন বলে জানান তিনি। ঘটনাটিকে নিছক মজা হিসেবে দেখার আহ্বান জানিয়ে উইলিয়ামস বলেন, এ নিয়ে পরিবহন বিভাগ যেন হাস্যরসের দৃষ্টিতে বিবেচনা করে।
তবে বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছে না ডেট্রয়েটের পরিবহন বিভাগ (ডিডিওটি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাসে ঘোড়া তোলার ঘটনা তাদের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বাসের অন্য যাত্রীদের পাশাপাশি ঘোড়াগুলোর নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে ঘটনার পর্যালোচনা চলছে।
ডিডিওটির নিয়ম অনুযায়ী বাসে কেবল প্রতিবন্ধী ব্যক্তির সহায়তায় প্রশিক্ষিত সেবাপ্রাণী নেয়া যায়। এসব প্রাণীকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং যাত্রীর আসন দখল করতে দেয়া হয় না। পরিবহন বিভাগ বলেছে, চালকদের আরো সতর্ক করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি গণপরিবহনে নিরাপত্তাবিধি সম্পর্কে বাসিন্দাদের সচেতন করার উদ্যোগও নেয়া হবে।

Advertisement