অজগর খুঁজতে ২ দিন তল্লাশি আসলে এআই ভিডিও
অজগর খুঁজতে ২ দিন তল্লাশি আসলে এআই ভিডিও।

 নয়া দিগন্ত ডেস্ক
ইতালির একটি শহরে শৌচাগার থেকে অজগর বেরিয়ে আসার ছবি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় ৪৮ ঘণ্টা ধরে তল্লাশি চালান দমকলকর্মী ও বন কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত জানা যায়, অজগরটি বাস্তবে কোথাও ছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবিটি তৈরি করেছিল নয় বছর বয়সী এক শিশু।
ঘটনাটি ইতালির আনকোনা প্রদেশের কাস্তেলফিদার্দো শহরের। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ভিয়া তুরাতি এলাকার একটি আবাসিক ভবনে অজগর দেখার খবর পেয়ে জরুরি সেবায় ফোন করা হয়। ছবিতে শৌচাগারের ভেতর থেকে একটি বড় অজগর বেরিয়ে আসতে দেখা যায়। বিষয়টি বিশ্বাস করে ঘটনাস্থলে পৌঁছান পাশের শহর ওসিমোর দমকলকর্মীরা।
তারা বাড়িটির বাথরুমসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও সাপটির সন্ধান পাননি। একপর্যায়ে তাদের ধারণা হয়, অজগরটি হয়তো খোলা জানালা দিয়ে বেরিয়ে গেছে কিংবা বাড়ির কোনো জায়গায় লুকিয়ে রয়েছে। পরদিন এ অনুসন্ধানে যোগ দেন কারাবিনিয়েরি ফরেস্তালি বাহিনীর বিশেষজ্ঞ কর্মকর্তারা। বিদেশী ও বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণে কাজ করা বাহিনীটির সিআইটিইএস ইউনিটও তদন্তে যুক্ত হয়।
প্রায় দুই দিন পর শিশুটির মুঠোফোনে থাকা মূল ছবিটি পরীক্ষা করে কর্মকর্তারা বুঝতে পারেন, সেটি কৃত্রিমভাবে তৈরি। পরে শিশুটি স্বীকার করে, সে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে শৌচাগারের একটি ছবি তোলে। এরপর এআইয়ের সাহায্যে ছবিতে অজগর যুক্ত করে বড়দের দেখায়। তার তৈরি ছবিকেই সত্যি ভেবে সবাই অজগর খুঁজতে শুরু করেন। শিশুটির স্বীকারোক্তির পর তল্লাশি বন্ধ করা হয়। বয়স কম হওয়ায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির মার্চে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের পরিচালক পাওলো ক্লিনি। তার মতে, এআই দিয়ে তৈরি ছবি কী ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারে, এ ঘটনা তার উদাহরণ। শিশুদের এ ধরনের প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং এর ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। তার পরামর্শ, এআই দিয়ে তৈরি ছবি হলে তা স্পষ্টভাবে চিহ্নিত করা এবং যাচাই ছাড়া এমন ছবি ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকা জরুরি।

Advertisement